কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বংশীহারী! উপড়ে পড়ল শতাধিক গাছ, স্তব্ধ রাজ্য সড়ক

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বংশীহারী! উপড়ে পড়ল শতাধিক গাছ, স্তব্ধ রাজ্য সড়ক

নিজস্ব প্রতিনিধি: বৈশাখের শেষলগ্নে আচমকা ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকে। ঝড়ের দাপটে শমণ্ডি থেকে বংশীহারী পর্যন্ত দীর্ঘ এলাকায় শতাধিক গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। যার জেরে বুনিয়াদপুর-রায়গঞ্জ রাজ্য সড়কে সোমবার রাত থেকে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। তবে এই বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

মাঝরাস্তায় আটকে দূরপাল্লার বাস, দুর্ভোগে যাত্রীরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড় শুরু হতেই মুহূর্তের মধ্যে একের পর এক বিশালাকায় গাছ উপড়ে পড়তে থাকে রাজ্য সড়কের ওপর। বিদ্যুতের খুঁটিগুলি ভেঙে পড়ায় গোটা এলাকা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। রাস্তা জুড়ে গাছের ডালপালা ও খুঁটি পড়ে থাকায় বালুরঘাট থেকে শিলিগুড়িগামী বহু দূরপাল্লার বাস ও জরুরি পরিষেবার যানবাহন মাঝরাস্তায় আটকে পড়ে। ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয় বাসের দূরপাল্লার যাত্রীদের।

উদ্ধারকার্যে পুলিশ ও বিদ্যুৎ দপ্তর

ঘটনার খবর পাওয়া মাত্রই রাতেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নামে বংশীহারী থানার পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বিপর্যয় মোকাবিলা দলের সহযোগিতায় ক্রেন ও আধুনিক গ্যাজেট নিয়ে এসে রাস্তা থেকে গাছ কাটার কাজ শুরু হয়। পুলিশ ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় গাছ সরিয়ে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেঙে পড়া খুঁটিগুলি দ্রুত মেরামত করে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *