মিশনারি স্কুলেও বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’! শুরু হয়েছে জোরকদমে রিহার্সাল

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাজ্যে ক্ষমতা বদলের পর শিক্ষাক্ষেত্রে বড়সড় নিয়ম কার্যকর করতে তৎপর হলো প্রশাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পূর্ববর্তী নির্দেশিকা মেনে এবার রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ গানটি গাওয়া বাধ্যতামূলক করার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি ও মাদ্রাসাগুলির পর এবার উত্তরবঙ্গের ইংরেজি মাধ্যম ও মিশনারি স্কুলগুলিতেও এই জাতীয় স্তোত্রটি নিয়মিত প্রার্থনা সঙ্গীত হিসেবে চালু করার জন্য তোড়জোড় শুরু হয়েছে। শিলিগুড়ির বেশ কিছু নামী ইংরেজি মাধ্যম স্কুলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এর বিশেষ রিহার্সাল।
ইংরেজি ও মিশনারি স্কুল নিয়ে সুকান্ত মজুমদারের বার্তা
প্রশাসনিক সূত্রে খবর, নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিকাশ ভবনের তরফে সব স্কুলে বন্দে মাতরম গাওয়ার বার্তা দেওয়া হলেও, উত্তরবঙ্গের বেশ কিছু ইংরেজি মাধ্যম এবং মিশনারি স্কুল তা এখনও কার্যকর করেনি। কঠিন সংস্কৃত শব্দবন্ধ ও উচ্চারণের জটিলতার অজুহাত দেখিয়ে অনেক স্কুলেই এই গান এড়ানো হচ্ছিল। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং নির্দেশিকা অমান্যকারী স্কুলগুলির বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের দৃষ্টি আকর্ষণ করা হবে।
স্কুলে স্কুলে চলছে চার স্তবকের রিহার্সাল
কেন্দ্র ও রাজ্যের কড়া অবস্থানের কথা মাথায় রেখেই শিলিগুড়ির একাধিক ইংরেজি মাধ্যম স্কুল তড়িঘড়ি বন্দে মাতরম গাওয়ানো শুরু করেছে। ছাত্রছাত্রীদের সঠিক উচ্চারণ শেখাতে সঙ্গীত শিক্ষকদের নিয়ে প্রতিদিন নিয়ম করে রিহার্সাল করানো হচ্ছে। শিলিগুড়ির একটি নামী স্কুলের অধ্যক্ষ জানান, “আমাদের স্কুলে আগে থেকেই বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক গাওয়া হতো। এবার সরকারের নির্দেশ মেনে বাকি দুটি স্তবকও পড়ুয়াদের শেখানো হচ্ছে, যাতে সম্পূর্ণ গানটি তারা গাইতে পারে।”
৮০টি সিবিএসই স্কুকে নির্দেশ, বাকি মিশনারি
উত্তরবঙ্গ সহোদয় স্কুল কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অধীনে থাকা প্রায় ৮০টি সিবিএসই (CBSE) অনুমোদিত স্কুলকে দ্রুত প্রার্থনাসভায় বন্দে মাতরম চালু করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তবে মিশনারি স্কুলগুলি এই সংগঠনের আওতার বাইরে থাকায় তাদের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে। যদিও শিক্ষা দপ্তরের আশা, সরকারি নির্দেশিকা মেনে মিশনারি স্কুলগুলিও খুব দ্রুত এই নিয়ম কার্যকর করবে।
উল্লেখ্য, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের পরপরই সব সরকারি স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছিল। পরবর্তীতে বিকাশ ভবনের তরফে রাজ্যের সমস্ত সরকার অনুমোদিত মাদ্রাসাগুলির জন্যও একই নির্দেশিকা জারি করা হয়। এবার ইংরেজি মাধ্যম স্কুলগুলিও সেই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় রাজ্যের শিক্ষানীতিতে এক বড়সড় বদল স্পষ্ট হচ্ছে।