আসামে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি, বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিজেপির প্রতিশ্রুতি

অসমে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি, বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিজেপির প্রতিশ্রুতি

উত্তরাখণ্ড ও গুজরাতের পর তৃতীয় রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল পাশ করল আসাম। বুধবার আসাম বিধানসভায় ধ্বনিভোটে এই বিলটি গৃহীত হয়। নির্বাচনের প্রাক্কালে বিজেপি তাদের ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নের পথে এক বড় পদক্ষেপ নিল হিমন্ত বিশ্বশর্মা সরকার।

ধর্মীয় আইনের ঊর্ধ্বে অভিন্ন আইন

ইউসিসি কার্যকরের মূল উদ্দেশ্য হলো বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত পারিবারিক বিষয়গুলোতে ধর্মীয় আইনের পরিবর্তে একটি অভিন্ন আইনি কাঠামো তৈরি করা। সরকারের দাবি, এই আইনের মাধ্যমে সামাজিক সমতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং লিঙ্গ বৈষম্য দূর হবে। আসাম সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বৈচিত্র্যময় জনতাত্ত্বিক কাঠামোর মধ্যে ব্যক্তিগত আইনের প্রয়োগে মৌলিক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক সমীকরণ ও ভবিষ্যৎ সম্ভাবনা

আসামে এই বিল পাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপির নির্বাচনী ইস্তেহারগুলোতে ইউসিসি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বরাবরই গুরুত্ব পেয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনী ইস্তেহারেও একই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, যার ফলে এখন প্রশ্ন উঠছে, তবে কি এবার বাংলাতেও একই পথে হাঁটবে গেরুয়া শিবির? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউসিসি কার্যকর করা হলে একদিকে যেমন সামাজিক ও আইনি কাঠামোর পরিবর্তন ঘটবে, অন্যদিকে এটি দেশের রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করতে পারে। এখন দেখার, আসামের পর এই বিতর্কিত ও তাৎপর্যপূর্ণ আইনটি অন্য কোনো রাজ্যে প্রভাব ফেলে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *