বিধানসভায় নজিরবিহীন সংঘাত, স্বীকৃতির চিঠি ও ঘরের দাবিতে স্পিকারের ঘরের সামনে ধর্নায় শোভনদেব-কুণাল

বিধানসভায় নজিরবিহীন সংঘাত, স্বীকৃতির চিঠি ও ঘরের দাবিতে স্পিকারের ঘরের সামনে ধর্নায় শোভনদেব-কুণাল

রাজ্য রাজনীতিতে এবার এক নজিরবিহীন সংঘাতের সাক্ষী থাকল বিধানসভা ভবন। ঘরে উপস্থিত থাকা সত্ত্বেও দেখা করলেন না বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। এই চরম অসৌজন্যের প্রতিবাদে এবং বিরোধী দলনেতার নির্দিষ্ট ঘর-সহ একগুচ্ছ দাবি নিয়ে স্পিকারের ঘরের সামনেই মাটিতে বসে ধর্নায় শামিল হলেন তৃণমূলের পরিষদীয় দলনেতা তথা বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে বিক্ষোভে যোগ দেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার গঠনের পর এটাই প্রথম বিধানসভা অধিবেশন। আর বাজেট অধিবেশনের শুরুতেই স্পিকার বনাম বিরোধী দলনেতার এই নজিরবিহীন তরজায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূলের পরিষদীয় দলের অভিযোগ, নতুন সরকার গঠনের পর পেরিয়ে গিয়েছে বেশ কিছুদিন। তা সত্ত্বেও বিধানসভায় বিরোধী পক্ষকে চরম অবহেলা করা হচ্ছে। বিরোধী দলনেতাকে এখনও পর্যন্ত কোনও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির চিঠি দেওয়া হয়নি। এমনকি পরিষদীয় দলনেতা বা বিরোধীদের বসার জন্য কোনও নির্দিষ্ট ঘরও বরাদ্দ করেনি বিধানসভা কর্তৃপক্ষ।

মুখ্যমন্ত্রীর ঘর রেডি হলেও কেন অবহেলিত বিরোধী দলনেতা

স্পিকারের ঘরের বাইরে দীর্ঘক্ষণ ধর্নায় বসে ক্ষোভ উগরে দেন বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল পরিষদীয় দলের স্পষ্ট প্রশ্ন, বিধানসভায় স্পিকার এবং খোদ মুখ্যমন্ত্রীর ঘর তৈরি থাকলেও কেন বিরোধী দলনেতার ঘর এখনও তৈরি হল না? বিরোধী পক্ষকে ঘর না দেওয়ায় বিধানসভা ভবনে পরিষদীয় দলের কোনও বৈঠক ডাকা যাচ্ছে না। এই টালবাহানা আর কতদিন চলবে এবং কবে নাগাদ ঘর বরাদ্দ করা হবে, তা নিয়ে বিধানসভা কর্তৃপক্ষ লুকোছাপা করছে বলে অভিযোগ উঠেছে।

রাজনৈতিক পক্ষপাতদুষ্টতার অভিযোগ ও স্পিকারের নীরবতা

তৃণমূল নেতৃত্বের দাবি, স্পিকার ঘরে থাকা সত্ত্বেও বিরোধী দলনেতার সঙ্গে দেখা না করাটা চরম অসৌজন্যের নজির। আসলে বিরোধী দলনেতার যুক্তিসঙ্গত প্রশ্নগুলির জবাব দেওয়ার মতো কোনও অবস্থাতেই ছিলেন না রথীন্দ্র বোস। তৃণমূলের অভিযোগ, অধ্যক্ষ সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন এবং বিধানসভার অন্দরে এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে বিজেপি বঙ্গে এক নতুন ধরনের অসৌজন্যের রাজনীতি আমদানি করতে চাইছে।

তবে এই গোটা বিতর্ক, তৃণমূলের ধরনা এবং পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে যখন বিধানসভা তোলপাড়, তখন সম্পূর্ণ নীরব রইলেন স্পিকার রথীন্দ্র বোস। এই বিষয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনও উত্তর দেননি। বিধানসভার এই অচলবস্থা কাটাতে এবং বিরোধীদের বসার ঘর বরাদ্দ করতে আগামী দিনে স্পিকার কোনও পদক্ষেপ নেন কিনা, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *