ফেসবুক, হোয়াটসঅ্যাপে এবার ফেলো কড়ি মাখো তেল, পেইড সাবস্ক্রিপশন আনল মেটা

ফেসবুক, হোয়াটসঅ্যাপে এবার ফেলো কড়ি মাখো তেল, পেইড সাবস্ক্রিপশন আনল মেটা

বিনামূল্যে সমাজমাধ্যম ব্যবহারের দিন বুঝি এবার ফুরিয়ে এল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিতে আর সমস্ত পরিষেবা নিখরচায় পাবেন না গ্রাহকেরা। মেটার প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে হলে এবার থেকে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা গুনতে হবে ব্যবহারকারীদের। মার্কিন টেক জায়ান্ট মেটার এই আকস্মিক ঘোষণায় বিশ্বজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে মেটার প্রোডাক্ট হেড নাওমি গ্লাইট এই পেইড সাবস্ক্রিপশন চালুর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এর ফলে ফেসবুক প্লাস, ইনস্টাগ্রাম প্লাস এবং হোয়াটসঅ্যাপ প্লাসের সুবিধা নিতে পকেটস্থ করতে হবে গ্রাহকদের। তবে বর্তমানের বিনামূল্যের সাধারণ অ্যাপগুলো এখনই বন্ধ হচ্ছে না। মূলত যারা অতিরিক্ত ফিচার ও প্রিমিয়াম টুল ব্যবহার করতে চান, তাদের জন্যই এই বিশেষ ব্যবস্থা।

কত খরচ, কী সুবিধা

মেটা কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাসের মাসিক সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়েছে ৩.৯৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪০ টাকা। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য প্রতি মাসে দিতে হবে ২.৯৯ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৫ টাকা।

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্লাসের গ্রাহকেরা পাবেন অত্যাধুনিক অ্যানালিটিক্স, রিল বা স্টোরি ইচ্ছামতো বারবার দেখার সুযোগ, প্রোফাইল কাস্টমাইজেশন এবং বৃহত্তর দর্শকের কাছে পৌঁছানোর বিশেষ টুল। এটি মূলত কনটেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের কাজের পরিধি ও আকর্ষণ বাড়াতে সাহায্য করবে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ প্লাসের ক্ষেত্রে ব্যবহারকারীরা পাবেন প্রিমিয়াম স্টিকার, কাস্টম অ্যাপ থিম এবং আকর্ষণীয় রিংটোন ব্যবহারের মতো ব্যক্তিগত কিছু বিশেষ সুবিধা।

ব্যবসায়িক মডেলে পরিবর্তনের ইঙ্গিত

বিশ্লেষকদের মতে, মেটার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি আর্থিক কৌশল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম মেধা প্রযুক্তির পরিকাঠামো তৈরিতে বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মার্ক জাকারবার্গের সংস্থা। চলতি বছরেই ডেটা সেন্টারসহ বিভিন্ন ডেভলপমেন্টের কাজে ১২,৫০০ কোটি থেকে ১৪,৫০০ কোটি ডলার পর্যন্ত খরচ করার পরিকল্পনা রয়েছে তাদের।

এই বিশাল ব্যয়ের জোগান দিতেই মেটা এখন শুধু বিজ্ঞাপনভিত্তিক ব্যবসার মডেলের ওপর নির্ভর না থেকে সরাসরি গ্রাহকভিত্তিক আয়ের পথ তৈরি করছে। আগামী দিনে সাবস্ক্রিপশন ভিত্তিক আরও কিছু প্ল্যান চালুর ইঙ্গিতও রয়েছে, যেখানে ব্যবসা এবং এআই টুলের মতো উন্নত প্রযুক্তি যুক্ত করা হবে। মেটার এই নতুন পদক্ষেপ আগামী দিনে ডিজিটাল কনটেন্ট তৈরি এবং সমাজমাধ্যম ব্যবহারের অভ্যাসে বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *