লাড়কি বহেন যোজনায় বড় ধাক্কা, ৮০ লাখ মহিলার নাম বাদ দিল মহারাষ্ট্র সরকার

লাড়কি বহেন যোজনায় বড় ধাক্কা, ৮০ লাখ মহিলার নাম বাদ দিল মহারাষ্ট্র সরকার

মহারাষ্ট্রের জনপ্রিয় জনকল্যাণমুখী প্রকল্প ‘লাড়কি বহেন যোজনা’য় বড়সড় সংস্কারের পথে হাঁটল রাজ্য সরকার। প্রকল্পটিতে স্বচ্ছতা আনতে এবং প্রকৃত অভাবী মহিলাদের কাছে সরকারি অনুদান পৌঁছে দিতে এক ধাক্কায় প্রায় ৮০ লক্ষ আবেদনকারীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে আগামী জুন মাস থেকে এই বিপুল সংখ্যক উপভোক্তা আর প্রতি মাসে ১৫০০ টাকার আর্থিক সুবিধা পাবেন না। সরকারের এই কঠোর পদক্ষেপের জেরে রাজ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

কেন বাদ পড়ল এত নাম

প্রাথমিকভাবে এই প্রকল্পে আবেদনকারী প্রায় সকল মহিলাকেই আর্থিক সুবিধা দেওয়া হচ্ছিল। তবে সম্প্রতি সরকারি তদন্তে উঠে আসে যে, বহু বিত্তবান এবং সরকারি চাকুরিজীবী মহিলা নিয়ম বহির্ভূতভাবে এই স্কিমের সুবিধা নিচ্ছেন। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, বহু পুরুষ নিজেদের মহিলা পরিচয় দিয়ে জালিয়াতির মাধ্যমে এই প্রকল্পের টাকা আত্মসাৎ করছিলেন। এই অনিয়ম রুখতে সরকার বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি (e-KYC) যাচাইকরণের নির্দেশ দেয়, যার শেষ সময়সীমা ছিল ৩১ মার্চ। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য আপডেট না করা এবং যাচাইকরণে অযোগ্য প্রমাণিত হওয়ার কারণেই মূলত এই বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে।

প্রকল্পের ভবিষ্যৎ ও সম্ভাব্য প্রভাব

এই যাচাই প্রক্রিয়ার আগে রাজ্যে লাড়কি বহেন যোজনার উপভোক্তার সংখ্যা ছিল ২ কোটি ৪৬ লক্ষ। স্ক্রিনিং এবং ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেই সংখ্যা এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ কোটিতে। সরকারের এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন ভুয়ো ও অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে সরকারি তহবিলের অপচয় রোধ করা সম্ভব হবে, অন্যদিকে তেমনই প্রকৃত অর্থেই যাদের এই আর্থিক সাহায্য প্রয়োজন, তাদের কাছে নিরবচ্ছিন্নভাবে সুবিধা পৌঁছে দেওয়া নিশ্চিত হবে। তবে একসঙ্গে এত বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার কারণে স্থানীয় স্তরে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে এর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *