১৬ বছরের কম বয়সীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না, লাগু নিয়ম

১৬ বছরের কম বয়সীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না, লাগু নিয়ম

নিজস্ব প্রতিনিধি: কোমলমতি শিশুদের ওপর সোশ্যাল মিডিয়ার মারাত্মক নেতিবাচক প্রভাব ও আসক্তি রুখতে এবার এক ঐতিহাসিক ও কঠোর সিদ্ধান্ত নিল মালয়েশিয়া। সোমবার (১ জুন) থেকে দেশটিতে নতুন অনলাইন নিরাপত্তা বিধি কার্যকর করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী কোনো কিশোর-কিশোরী আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না।

পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দিয়ে যাচাই হবে বয়স

মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনের (MCMC) তরফ থেকে প্রকাশিত একটি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এখন থেকে ব্যবহারকারীদের বয়স যাচাই করা প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য বাধ্যতামূলক। এই বয়স যাচাই প্রক্রিয়ার জন্য ব্যবহারকারীদের জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের মতো সরকারি নথির সাহায্য নিতে হবে এবং সেই তথ্যের সত্যতা মিলিয়ে দেখতে হবে। তবে এই কঠোর ব্যবস্থা পুরোপুরি কার্যকর করার জন্য প্ল্যাটফর্মগুলিকে কিছুটা সময় দেওয়া হবে বলে রেগুলেটরের তরফে জানানো হয়েছে।

আইন অমান্য করলে ২৫ লক্ষ ডলার জরিমানা

মালয়েশিয়ার নতুন ‘অনলাইন সেফটি অ্যাক্ট’-এর অধীনে শিশুদের সুরক্ষার জন্য ‘চাইল্ড প্রোটেকশন কোড’ এবং ‘রিস্ক মিটিগেশন কোড’ নামক দুটি বিশেষ নির্দেশিকা আনা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো ছোটদের জন্য ক্ষতিকর কনটেন্ট বা সাইবার বুলিংয়ের ঝুঁকি কমানো। MCMC সাফ জানিয়ে দিয়েছে, কোনো সোশ্যাল মিডিয়া সংস্থা যদি এই নতুন কোড বা নিয়মাবলি অমান্য করে, তবে সংশ্লিষ্ট সংস্থাকে সর্বোচ্চ ১ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত (যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১ কোটি টাকা এবং মার্কিন ডলারে প্রায় ২৫ লক্ষ ডলার) পর্যন্ত বিপুল অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে হবে।

বিশ্বজুড়ে বাড়ছে সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি

ছোটদের সাইবার জগত থেকে সুরক্ষিত রাখতে মালয়েশিয়ার এই পদক্ষেপ প্রথম নয়। এর আগে গত ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করার ঐতিহাসিক আইন এনেছিল। মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াও চলতি বছরের মার্চ মাসে ১৬ বছরের কম বয়সীদের জন্য ইউটিউব, ফেসবুক, এক্স, রোবলক্স-সহ আটটি বড় প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করে প্রায় ৭ কোটি শিশুকে অনলাইন পর্নোগ্রাফি ও ইন্টারনেট আসক্তি থেকে রক্ষা করার উদ্যোগ নিয়েছে। এবার সেই পথেই হেঁটে নিজেদের দেশেও কড়া আইন বলবৎ করল মালয়েশিয়া সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *