বৃষ্টি উপেক্ষা করেই ফুটবলের আসর! মথুরাপুর ঘোড়াদল উচ্চ বিদ্যালয়ে শুরু আন্তঃশ্রেণি লিগ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর মান উন্নয়নে এগিয়ে এল দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর থানার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঘোড়াদল উচ্চ বিদ্যালয়। সোমবার বিকেলে বিদ্যালয়ের নিজস্ব মাঠে শুরু হল ছয় দলের আন্তঃশ্রেণি লিগ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা। বৃষ্টি ভেজা মাঠে এই খেলা ঘিরে ছেলে-মেয়েদের উন্মাদনা ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্ররা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিটি দলে নয়জন করে খেলোয়াড় মাঠে নামছে এবং শ্রেণি প্রতি দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত তথা সহকারী প্রধান শিক্ষক পুতুল ভান্ডারী পতাকা উত্তোলন ও কিক-অফের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের এনসিসি ক্যাডেটদের বর্ণাঢ্য কুচকাওয়াজ উপস্থিত সকলকে মুগ্ধ করে।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে একাদশ শ্রেণিকে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে দ্বাদশ শ্রেণি। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন ইন্দ্রজিৎ হালদার এবং একটি করে গোল করেন কমল নস্কর ও প্রসেনজিৎ সরদার। একাদশ শ্রেণির পক্ষে একমাত্র গোলটি করেন দেবদাস পাইক। অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা বা ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন ইন্দ্রজিৎ হালদার। অন্যদিকে, সপ্তম ও অষ্টম শ্রেণির মধ্যকার অপর ম্যাচটি অমীমাংসিতভাবেই শেষ হয়।
এদিন মাঠে খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন লেখিকা শম্পা দাস, কবি ও বাচিকশিল্পী শিপ্রা আঢ্য বন্দ্যোপাধ্যায়, শিক্ষিকা মান্টি বণিক সহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুতুল ভান্ডারী বলেন, শিক্ষাঙ্গনে খেলাধুলোর অবশ্যই প্রয়োজন রয়েছে। শরীরচর্চার পাশাপাশি মন বিকশিত হয়। মানসিক বিকাশের লক্ষ্যে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি প্রতিবছর আন্তঃশ্রেণি ফুটবল লিগ পর্যায়ের এই খেলা অনুষ্ঠিত হয়।
আগামী শনিবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চ্যাম্পিয়ন দলের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রদর্শনী প্রীতি ম্যাচ। গোটা টুর্নামেন্টটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দেবব্রত হাঁসদা এবং শিক্ষক অরূপ কুমার গিরি।