আইআরজিসির ক্ষমতা প্রদর্শন, যুদ্ধের উত্তেজনার মাঝেই কি পদত্যাগ করছেন ইরানের প্রেসিডেন্ট?

মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতির মাঝেই বড়সড় রাজনৈতিক সংকটের মুখে পড়েছে ইরান। দেশের মহাশক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ বা আইআরজিসির লাগামহীন আধিপত্য ও স্বেচ্ছাচারিতার কারণে ক্ষুব্ধ হয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। ব্রিটেনের একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্ব রাজনীতিতে তোলপাড় চলছে।
অভিযোগের তির আইআরজিসির দিকে
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট পেজেস্কিয়ান অভিযোগ করেছেন যে যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে শান্তিচুক্তির আলোচনা, সবক্ষেত্রেই নির্বাচিত সরকারকে এড়িয়ে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে আইআরজিসি। তাদের এই একাধিপত্যের কারণে সরকারের কট্টরপন্থী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে উঠছে এবং সামগ্রিকভাবে দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিচ্ছে। এই প্রশাসনিক শূন্যতা ও ক্রমাগত হস্তক্ষেপের জেরে পেজেস্কিয়ান সরকার পরিচালনা এবং তাঁর আইনি দায়িত্ব পালনে চূড়ান্ত অক্ষমতা প্রকাশ করে ইস্তফার পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে।
গুজব উড়িয়ে কড়া জবাব ইরানের
বিদেশি সংবাদমাধ্যমের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছে ইরান সরকার। দেশটির সরকারি সংবাদমাধ্যমের দাবি, কঠিন সময়ে প্রেসিডেন্ট তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং পদত্যাগের মতো কোনো ঘটনাই ঘটেনি। প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ ও তথ্য বিভাগের উপ-প্রধান সৈয়দ মেহেদি তাবাতাবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এই ধরণের বিদেশি নেটওয়ার্কগুলো মূলত গুজব রটানোর কাজ করে। ইরানের জাতীয় সংহতি ও অভ্যন্তরীণ ঐক্য নষ্ট করার লক্ষ্যেই এই মনগড়া গল্প সাজানো হয়েছে এবং দেশের প্রেসিডেন্ট জনগণের সেবা ও প্রতিরোধের পথ থেকে কোনোভাবেই পিছু হঠবেন না।