জনরোষ থেকে বাঁচতে এবার খোকন দাসের মাথায় হেলমেট

জনতার রোষ থেকে বাঁচতে ফের হেলমেটের শরণাপন্ন হতে হলো পুলিশকে। চারদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইটের আঘাত থেকে রক্ষা করতে হেলমেট পরানো হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে হেলমেট পরিয়ে আদালতে পেশ করল পুলিশ। তোলাবাজি, হুমকি, মারধর এবং ভোট-পরবর্তী হিংসাসহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত এই প্রাক্তন বিধায়ককে ঘিরে মঙ্গলবার বর্ধমান আদালত চত্বরে তীব্র উত্তেজনা দেখা যায়।
এবারের নির্বাচনে বর্ধমান দক্ষিণ আসনে প্রার্থী হয়ে পরাজিত হওয়ার পর থেকেই কার্যত নিখোঁজ ছিলেন খোকন দাস। অবশেষে উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় জংশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে পূর্ব বর্ধমানে নিয়ে আসার পর মঙ্গলবার তাঁকে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। গাড়ি থেকে নামানোর আগেই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁর মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয় এবং তড়িঘড়ি আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে বলে জানা গেছে।
রাজনৈতিক পারদ ও এলাকায় উল্লাস
খোকন দাসের এই গ্রেফতারিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আইনি পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ। প্রাক্তন বিধায়কের গ্রেফতারির খবর চাউর হতেই তাঁর নিজের এলাকা কাঞ্চননগরে তীব্র উল্লাসের ছবি ধরা পড়ে।
রবিবার থেকেই এলাকার বাসিন্দাদের একাংশকে বিজেপির পতাকা হাতে নিয়ে এবং গেরুয়া আবির মেখে আনন্দ উৎসবে মাততে দেখা যায়। শুধু তাই নয়, রাস্তায় ডিজে বাজিয়ে ‘খোকন চোর’ গান চালিয়ে নাচ-গান করেন স্থানীয় মহিলারা। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা খোকন দাসের প্রতি জনমানসের পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ। প্রাক্তন বিধায়কের এই পরিণতি আগামী দিনে জেলার রাজনৈতিক সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।