প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, দিল্লি বিমানবন্দরে নামতে না পেরে মাঝ আকাশে চক্কর কাটল ১৩টি উড়ান!

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, দিল্লি বিমানবন্দরে নামতে না পেরে মাঝ আকাশে চক্কর কাটল ১৩টি উড়ান!

প্রবল ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির জেরে চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশের রাজধানী দিল্লি। বৃহস্পতিবারের এই প্রাকৃতিক দুর্যোগের সরাসরি প্রভাব পড়েছে দিল্লির বিমান পরিষেবা উড়ান সংযোগের ওপর। দৃশ্যমানতা কম থাকা এবং দমকা হাওয়ার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ করা কার্যত আসাম্ভব হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে, অন্তত ১৩টি বিমানকে দীর্ঘক্ষণ মাঝ আকাশে চক্কর কাটতে হয় এবং শেষ পর্যন্ত সুরক্ষার স্বার্থে ১১টি বিমানকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়।

এর ফলে দেশের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক উভয় রুটের সময়সূচি ওলটপালট হয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হয়েছেন হাজার হাজার যাত্রী। বিশেষ করে সংযোগকারী বিমান ধরার ক্ষেত্রে যাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রানওয়ে এবং বিমানবন্দর চত্বরে পরিস্থিতি স্বাভাবিক করতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলো লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

থমকে গেল গতি, শুক্রবারও জারি হলুদ সতর্কতা

আকস্মিক এই দুর্যোগের কারণ হিসেবে ভারতের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে থাকায় বিমান ওঠা-নামার ক্ষেত্রে চরম ঝুঁকি তৈরি হয়। এই দুর্যোগের প্রভাব কেবল আকাশপথেই সীমাবদ্ধ থাকেনি, ভারী বৃষ্টির কারণে দিল্লির একাধিক নিচু এলাকায় এবং গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যাওয়ায় সড়ক যোগাযোগ ও যান চলাচল কার্যত থমকে গিয়েছে।

রাজধানীর এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনই কাটার কোনো লক্ষণ নেই। আবহাওয়া দফতর শুক্রবারের জন্যও দিল্লিতে ‘হলুদ সতর্কতা’ জারি রেখেছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দিল্লি ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রঝড় অব্যাহত থাকতে পারে।

এই পরিস্থিতির জেরে বিমান পরিষেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা আরও বাড়ল। উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে আবহাওয়া বিশেষজ্ঞদের পক্ষ থেকে সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে, চরম বিভ্রান্তি এড়াতে সমস্ত বিমানযাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে উড়ানের সর্বশেষ পরিস্থিতি বা সময়সূচি জেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *