তৃণমূল আমলে ২০০ কোটির এসজেডিএ দুর্নীতি! প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্তের ঘোষণা

তৃণমূল আমলে ২০০ কোটির এসজেডিএ দুর্নীতি! প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্তের ঘোষণা

শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বিগত দেড় দশকের আর্থিক অনিয়ম ও দুর্নীতির সত্যতা খতিয়ে দেখতে বড় পদক্ষেপ নিল প্রশাসন। শুক্রবার দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর জলক্করের নেতৃত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বোর্ড সভায় গত ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাবের বিশেষ অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতির গভীরে পৌঁছাতে এবং জড়িতদের চিহ্নিত করতে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। পর্যটনমন্ত্রী শংকর ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই আর্থিক দুর্নীতিতে নেতা, মন্ত্রী কিংবা আধিকারিক—যাঁরাই জড়িত থাকুন না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না এবং কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে আয়োজিত এই প্রশাসনিক বৈঠকে নাগরিক পরিষেবা ও পরিকাঠামো পুনরুজ্জীবিত করতে ১০০ কোটি টাকার নতুন মেগা উন্নয়ন প্রকল্পের রূপরেখা তৈরি করা হয়েছে। বর্ষা শেষ হতেই রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ এবং আধুনিক আলোর বন্দোবস্ত করতে দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি, শিলিগুড়ি বাস টার্মিনাসের উলটোদিকে থাকা পুরনো ভবন ভেঙে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি আধুনিক বাণিজ্যিক কমপ্লেক্স গড়ে তোলা হবে। নাগরাকাটা ও ধূপগুড়ির মতো বিধানসভা কেন্দ্রগুলিকে এসজেডিএ-র আওতাভুক্ত করার জন্যও নগর উন্নয়ন দপ্তরে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *