ত্রাণের সামগ্রী নেতার কোয়ার্টারে, জামুড়িয়ায় বিপুল রেশন ও কম্বল উদ্ধারে তীব্র উত্তেজনা

ত্রাণের সামগ্রী নেতার কোয়ার্টারে, জামুড়িয়ায় বিপুল রেশন ও কম্বল উদ্ধারে তীব্র উত্তেজনা

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়ায় এক তৃণমূল নেতার কোয়ার্টার থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ ও রেশন সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জামুড়িয়ার পারাসিয়া এলাকায় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) একটি বন্ধ কোয়ার্টার থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এই সামগ্রীগুলি উদ্ধার করা হয়। অভিযুক্ত নেতার নাম উদীপ সিংহ, যিনি জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে পরিচিত। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্তরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।

যেভাবে প্রকাশ্যে এল ঘটনা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদলের পর উদীপ সিংহ পরিবারসহ ইসিএলের দু’টি কোয়ার্টার ছেড়ে অন্যত্র চলে যান। এরপরই একটি বন্ধ কোয়ার্টারে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামজ্ঞী মজুত থাকার খবর পৌঁছায় স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে। খবর পেয়ে বিজেপি কর্মীরা ইসিএল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কোলিয়ারি আধিকারিক, জামুড়িয়া থানার অধীন কেন্ডা ফাঁড়ির পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বন্ধ কোয়ার্টারের তালা খোলা হলে থরে থরে সাজানো ত্রাণসামগ্রী দেখতে পাওয়া যায়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে শতাধিক কম্বল, ত্রিপল, নতুন পোশাক এবং রেশনের চাল ও গম।

তদন্ত ও সম্ভাব্য প্রভাব

উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিরোধী শিবিরের অভিযোগ, দরিদ্র মানুষের জন্য বরাদ্দ এই সরকারি সাহায্য সাধারণ মানুষের কাছে না পৌঁছে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত নেতার গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজ্যে ক্ষমতা বদলের পর থেকে বিভিন্ন এলাকায় তৃণমূলের একাধিক নেতা ও কাউন্সিলরের বাড়ি থেকে ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনা সামনে আসছে। জামুড়িয়ার এই ঘটনাটি সেই তালিকায় নতুন মাত্রা যোগ করল, যা আগামী দিনে ওই অঞ্চলের আইনশৃঙ্খল পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে এবং দুর্নীতিবিরোধী তদন্তকে আরও জোরালো করতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *