চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড: অস্ত্র সরবরাহকারী ‘টাইগার’ জালে, বালিয়া থেকে গ্রেপ্তার সিবিআইয়ের

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড: অস্ত্র সরবরাহকারী ‘টাইগার’ জালে, বালিয়া থেকে গ্রেপ্তার সিবিআইয়ের

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য সিবিআইয়ের জালে অস্ত্র সরবরাহকারী টাইগার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে বড় অগ্রগতি অর্জন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বালিয়া থেকে গোলু সিং ওরফে টাইগার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, চন্দ্রনাথ রথকে খুনের জন্য ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এই টাইগারই সরবরাহ করেছিল। খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তার সক্রিয় ভূমিকা ছিল বলে ধারণা করা হচ্ছে।

তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ধৃত গোলু সিং উত্তরপ্রদেশের বানসডিহ রোড থানার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এর আগেই মুজাফ্ফরনগর থেকে রাজকুমার সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। গোলু ছিল রাজকুমারের অন্যতম সহযোগী জ্ঞানেন্দ্র সিং ওরফে মনুর বন্ধু। সম্প্রতি জ্ঞানেন্দ্রকে উত্তরপ্রদেশের একটি আদালতে আত্মসমর্পণ করতে দেখা যায়, যে কি না তোলাবাজি ও হুমকি দেওয়ার মতো একাধিক মামলার আসামি। জ্ঞানেন্দ্রকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

হত্যার নেপথ্যে গভীর ষড়যন্ত্র

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী সময়ে মধ্যমগ্রামে নিজের ফ্ল্যাটে ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান চন্দ্রনাথ রথ। এই হত্যাকাণ্ডের পর রাজ্য পুলিশের গঠিত সিট তদন্ত শুরু করলেও পরবর্তী পর্যায়ে মামলার ভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছেন, গোলু সিং ওরফে টাইগারকে কলকাতায় নিয়ে এসে জেরা করলে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও নেপথ্যে থাকা অন্যান্য অপরাধীদের সম্পর্কে আরও বিশদ তথ্য পাওয়া সম্ভব হবে। বালিয়ার একটি আদালত গোলুকে ৪৮ ঘণ্টার ট্রানজিট রিমান্ড দিয়েছে, যার মাধ্যমে তাকে কলকাতায় স্থানান্তর করে জিজ্ঞাসাবাদ করা হবে। সিবিআইয়ের এই ধারাবাহিক ধরপাকড় খুনের ষড়যন্ত্রের মূল শিকড় পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *