তোলাবাজির পর এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ! জেলের পথে মুখ খুললেন প্রাক্তন বিধায়ক অসিত

প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের আইনি জট যেন কিছুতেই কাটছে না। প্রথমে পথ অবরোধ, তারপর তোলাবাজি এবং এবার সরাসরি শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অভিযোগে নাম জড়াল হুগলির চুঁচুড়ার এই দাপুটে নেতার। শুক্রবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে বিচারক আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
কী অভিযোগ প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে?
সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেনস্থার প্রতিবাদে সম্প্রতি চুঁচুড়ায় রাস্তা অবরোধ করেছিলেন অসিত এবং তাঁর অনুগামীরা। সেই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে অসিত-সহ ১০ জনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা এবং তৃণমূল নেতা মির্জা সানোয়ারের সঙ্গে অসিতের বিরুদ্ধেও একটি তোলাবাজির মামলা যুক্ত করা হয়। শুক্রবার আদালত বাকিদের জামিন মঞ্জুর করলেও অসিতের স্বস্তি মেলেনি।
আদালত সূত্রে খবর, তোলাবাজির মামলায় জামিন পেলেও ২০২৩ সালের একটি শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মামলায় নতুন করে তাঁর নাম যুক্ত করা হয়েছে। চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক তরুণী এই অভিযোগ দায়ের করেছিলেন। এই নতুন মামলার কারণেই তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায় এবং তাঁকে পুনরায় জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
ভগবানের ওপর ভরসা রাখছেন অসিত
আগামী ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে। এদিকে একের পর এক মামলায় জড়িয়ে পড়ার পর জেল হেফাজতে যাওয়ার পথে প্রাক্তন বিধায়ক সংবাদমাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছুটা আক্ষেপের সুরেই তিনি বলেন, “কিছু বলার নেই। ভগবান আছেন, বিচার হবে। বিচার-ব্যবস্থা আছে, সব দেখবে তারা।”