অটল পেনশন যোজনা থেকে নাম তুললেন দেড় কোটির বেশি মানুষ, সামনে এল আরটিআই রিপোর্ট

কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প অটল পেনশন যোজনা (APY) নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তথ্য জানার অধিকার আইনে (RTI) প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, ২০১৫ সালে প্রকল্পটি শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৪৯ লক্ষ গ্রাহক এই যোজনা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট রেজিস্ট্রেশনের সংখ্যা ৮ কোটি ৯৬ লক্ষ হলেও, বর্তমানে সক্রিয় গ্রাহকের সংখ্যা ৭ কোটি ৪৫ লক্ষ।
প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)-এর তথ্যে দেখা গেছে, প্রতি বছর যেমন বিপুল সংখ্যক নতুন গ্রাহক এই প্রকল্পের সাথে যুক্ত হচ্ছেন, তেমনই অ্যাকাউন্ট বন্ধ করা বা গ্রাহকের মৃত্যুর কারণে বেরিয়ে যাওয়ার হারও সমান্তরালভাবে বাড়ছে। প্রকল্পের সূচনালগ্ন ২০১৫-১৬ অর্থবর্ষে মাত্র ২ জন সদস্য বেরিয়ে গেলেও, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবর্ষে এই সংখ্যা ৩০ লক্ষ ২৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। তবে মুদ্রার অন্য পিঠে এই একই অর্থবর্ষে ১ কোটি ৩৫ লক্ষেরও বেশি নতুন সদস্য যুক্ত হয়ে রেকর্ড গড়েছেন, যা প্রকল্পটির জনপ্রিয়তার ইঙ্গিত দেয়।
প্রকল্পের ভবিষ্যৎ ও কার্যকারিতা
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও প্রান্তিক মানুষদের বার্ধক্যের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে ২০১৫ সালে এই প্রকল্প চালু করা হয়। ১৮ থেকে ৪০ বছর বয়সী ভারতীয় নাগরিকরা এতে অংশ নিয়ে ৬০ বছর বয়সের পর ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পাওয়ার সুবিধা পান। প্রকল্পটিতে অবদানের ক্ষেত্রে সাময়িক বিরতি এলেও পেনাল্টি ও বকেয়া ফি জমা দিয়ে অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করার সুযোগ রয়েছে। অটল পেনশন যোজনার গুরুত্ব বিবেচনায় ২০২৬ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মেয়াদ ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত বৃদ্ধি করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।