হাওড়ার পর এবার কলকাতা স্টেশন! মেট্রো পরিষেবা কবে পৌঁছবে, জানেন?

হাওড়া, শিয়ালদহ এবং বিমানবন্দরের পর এবার মেট্রো মানচিত্রে যুক্ত হতে চলেছে কলকাতা স্টেশন। রেল মন্ত্রকের উদ্যোগে করুণাময়ী থেকে কলকাতা স্টেশন পর্যন্ত নতুন মেট্রো রুট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু হচ্ছে প্রাথমিক সমীক্ষা। আট লক্ষ টাকা ব্যয়ে কারিগরি এবং ট্র্যাফিক সার্ভে সম্পন্ন হওয়ার পরেই এই নতুন রুট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে মেট্রো কর্তৃপক্ষ।
নতুন রুটের সুবিধা ও সম্ভাবনা
প্রস্তাবিত এই মেট্রো রুটটি ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল এবং সল্টলেকের ৬ নম্বর আইল্যান্ড হয়ে করুণাময়ী পর্যন্ত পৌঁছবে। করুণাময়ীতে ইতিমধ্যেই গ্রিন লাইনের মেট্রো স্টেশন চালু রয়েছে। ফলে এই নতুন প্রকল্পটি বাস্তবায়িত হলে তা মেট্রোর অন্যান্য রুটের সঙ্গে কলকাতা স্টেশনকে সরাসরি জুড়ে দেবে, যা নিত্যযাত্রীদের যাতায়াত আরও সুগম করবে। মেট্রো কর্তৃপক্ষের ধারণা, প্রস্তাবিত রুটের বেশিরভাগ অংশ খালের উপর দিয়ে যাওয়ার পরিকল্পনা থাকায় জমি অধিগ্রহণ সংক্রান্ত কোনও বড় জটিলতা তৈরি হবে না। এর ফলে প্রকল্পের কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে।
রাজ্যে আসছেন রেলমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক
মেট্রো সম্প্রসারণের এই পরিকল্পনার মাঝেই রাজ্যের আটকে থাকা রেলপ্রকল্পগুলিতে গতি আনতে বাংলায় আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি নবান্ন সভাঘরে বেলা ১১টায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হবেন। এই মেগা বৈঠকে পূর্ব, দক্ষিণ-পূর্ব, উত্তর-পূর্ব সীমান্ত রেল ও কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার-সহ শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। রাজ্যের সমস্ত বিধায়ককেও এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা নিজেদের এলাকার রেল সংক্রান্ত বিভিন্ন দাবিদাওয়া, ডবল লাইনের প্রয়োজনীয়তা এবং নতুন ট্রেনের স্টপেজের কথা সরাসরি রেলমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ পাবেন। সকাল ১১টা থেকে বেলা ২টো পর্যন্ত এই গুরুত্বপূর্ণ বৈঠকটি চলবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।