বাবার সম্পত্তি থেকে বেপরোয়া ছেলের বিদায়, সুপ্রিম কোর্টের কড়া বার্তা

বাবার সম্পত্তি থেকে বেপরোয়া ছেলের বিদায়, সুপ্রিম কোর্টের কড়া বার্তা

পারিবারিক সম্পত্তিতে অধিকার দাবি করে বাবার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামা এক পুত্রকে কঠোর ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। রাজস্থান হাইকোর্টের রায় বহাল রেখে শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, বৃদ্ধ বাবার শান্তিতে বসবাসের অধিকার সবার আগে। বিতর্কিত সম্পত্তির মালিকানা নিয়ে ছেলের যাবতীয় দাবি খারিজ করে আদালত তাকে অবিলম্বে বাবার বাড়ি থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

বাবার সম্মানের লড়াইয়ে কঠোর আদালত

বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন আদালত প্রশ্ন তোলে, একজন ছেলে কীভাবে নিজের বাবার সঙ্গেই এমন আচরণ করতে পারে? আদালতের পর্যবেক্ষণ, বাবার জীবনের শেষ সময়টুকু অন্তত শান্তিতে কাটানো উচিত। ছেলের আইনজীবীর তরফে দাবি করা হয়েছিল যে, ওই সম্পত্তি পৈতৃক এবং সেখানে ছেলেরও অংশ রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই যুক্তি ধোপে টেকেনি। ‘মাতা-পিতা এবং প্রবীণ নাগরিক ভরণ-পোষণ ও কল্যাণ আইন, ২০০৭’-এর গুরুত্ব তুলে ধরে আদালত স্পষ্ট করেছে, এই আইনের মূল উদ্দেশ্যই হলো প্রবীণদের সুরক্ষা নিশ্চিত করা।

বিবাদের প্রেক্ষাপট ও আইনি পরিণতি

রাজস্থানের বিলাড়ার এই ঘটনায় ভুক্তভোগী বাবা অভিযোগ করেছিলেন যে, নিজের বাড়িতেই ছেলে তাকে প্রতিনিয়ত হেনস্থা করছে। এই অভিযোগের ভিত্তিতে ভরণ-পোষণ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছেলেকে বাড়ি খালি করার নির্দেশ দেয়। পরবর্তীকালে রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেই রায় বহাল রাখে। সুপ্রিম কোর্টও একই অবস্থান বজায় রেখে জানিয়ে দিয়েছে, সম্পত্তির আইনি জটিলতা তৈরির অজুহাতে বৃদ্ধ পিতাকে নিজ বাসগৃহ থেকে বঞ্চিত করা অমানবিক। এই রায় প্রবীণ নাগরিকদের সুরক্ষা ও তাদের সম্মানজনক জীবনযাপনের অধিকারকে নতুন করে সুপ্রতিষ্ঠিত করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *