আড়িয়াদহে মদন মিত্রের গাড়িতে হামলা ও ডিম বৃষ্টি! চালককে মারধরের অভিযোগ

দক্ষিণেশ্বর: কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ উঠল দক্ষিণেশ্বরের আড়িয়াদহে। শনিবার রাতে কালাচাঁদ মোড় এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়িতে ডিম ছোঁড়ে এবং চড়-থাপ্পড় মারে বলে অভিযোগ। হামলার সময় বিধায়ক নিজে গাড়িতে না থাকলেও তাঁর গাড়ির চালককে মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে।
বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ মদনের
দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েই এই বিক্ষোভের মুখে পড়ে মদন মিত্রের গাড়ি। এই হামলার পিছনে সরাসরি বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই পরিকল্পিত হামলা চালিয়েছে। গোটা বিষয়টি নিয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দুষল বিজেপি
মদন মিত্রের এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। কাটমানির বখরা নিয়ে তৃণমূলের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই নব্য তৃণমূলের কর্মীরা এই হামলা চালিয়েছে।