এনআইএ হেফাজতে শওকতের নির্ঘুম রাত, অভিষেকই ফাঁসিয়েছেন, বিস্ফোরক পরিবার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় এনআইএ-র হাতে গ্রেপ্তার হওয়ার পর তৃণমূল নেতা শওকত মোল্লার প্রথম রাত কাটল চরম অস্বস্তিতে। নিউটাউনের এনআইএ হেফাজতে কার্যত অনাহার এবং বিনিদ্র অবস্থায় রাত কাটিয়েছেন ক্যানিং পূর্বের এই প্রাক্তন বিধায়ক। জানা গিয়েছে, রাতে মাত্র একটি রুটি ও সামান্য তরকারি খেয়েছেন তিনি এবং জেরা ও আইনি প্রক্রিয়ার ধকলে তাঁর চোখেমুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। সেলের পরিবেশ পছন্দ না হওয়ায় সারা রাত তাঁকে পায়চারি করতে দেখা যায়, কেবল ভোররাতে সামান্য ঘুমোন তিনি। সকালে শুধুমাত্র চা ও বিস্কুট খেয়েছেন এই তৃণমূল নেতা।
পরিবারের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
এই গ্রেপ্তারি ঘিরে শওকতের পরিবারের সদস্যরা সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, ক্যানিং পূর্বের বিধায়ককে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে ভাঙড়ে প্রার্থী করে ফাঁসানো হয়েছে। পরিবারের মতে, শওকতের বারবার অনুরোধ কানে না তুলে তাঁকে ভাঙড়ে পাঠানোর ফলেই সেখানকার অশান্তি ও বোমাবাজির ঘটনায় তাঁর নাম জড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে দলের অন্দরে সমীকরণ ক্রমশ জটিল হতে পারে। দলেরই এক নেতার পরিবারের তরফ থেকে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি এমন ক্ষোভপ্রকাশ রাজ্য রাজনীতিতে এবং তৃণমূলের সাংগঠনিক স্তরে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।