রাস্তায় থুতু ফেলার প্রতিবাদ করতেই বৃদ্ধের পা ভাঙল ট্যাক্সি চালক! ভিডিও দেখে ফুঁসে উঠলেন একনাথ শিন্ডে

ঠাণে: রাস্তায় নোংরা করতে বারণ করার মাশুল! প্রকাশ্যে থুতু ফেলার প্রতিবাদ করায় এক ৭৬ বছর বয়সি প্রবীণ নাগরিককে নৃশংসভাবে মারধর ও পাথর ছুড়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে। মহারাষ্ট্রের ঠাণে শহরের এই ঘটনার হাড়হিম করা ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তীব্র ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। ভিডিওটি নজরে আসতেই কড়া পদক্ষেপ নিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি অভিযুক্ত চালকের বিরুদ্ধে সরাসরি খুনের চেষ্টার ধারা যুক্ত করার নির্দেশ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ঠাণে পশ্চিমের একটি হাসপাতালের কাছে। জানা গেছে, প্রবীণ নাগরিক সরোজ দস্তুর তাঁর স্ত্রীকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় নিশান্ত শুক্লা (৪০) নামে এক ট্যাক্সি চালককে বারবার রাস্তার ধারে কুলকুচি করে থুতু ফেলতে দেখেন তিনি। জনস্বার্থে সরোজবাবু ওই চালককে প্রকাশ্যে নোংরা না করার অনুরোধ জানান। কিন্তু এই সামান্য কথাতেই রেগে আগুন হয়ে ওঠে অভিযুক্ত চালক।
অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই ক্ষিপ্ত হয়ে নিশান্ত ওই বৃদ্ধকে প্রথমে সজোরে ধাক্কা মারে ও বেধড়ক মারধর শুরু করে। এরপর পাশ থেকে একটি বড় পাথর তুলে বৃদ্ধের পা লক্ষ্য করে ছুড়ে মারে। পাথরের আঘাতে ঘটনাস্থলেই পা ভেঙে যায় প্রবীণ সরোজবাবুর। চোখের সামনে স্বামীর এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁর বৃদ্ধা স্ত্রী। পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করেন।
এই অমানবিক ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সব মহলে। প্রশ্ন ওঠে, একজন প্রবীণ নাগরিক অন্যায় কাজের প্রতিবাদ করে কি এভাবেই আক্রান্ত হবেন? পরিস্থিতি বেগতিক দেখে আসরে নামে শিন্ডে-ঘনিষ্ঠ শিবসেনা কর্মীরা। তারা অভিযুক্ত চালককে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেয়।
ভিডিওটি দেখে ক্ষোভ প্রকাশ করে ঠাণে পুলিশ কমিশনারকে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি সাফ জানান, “শুধুমাত্র নোংরা করতে বারণ করার জন্য প্রবীণ মানুষের ওপর এমন হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পাথর দিয়ে যেভাবে আঘাত করা হয়েছে, তাতে বৃদ্ধের মৃত্যুও হতে পারত।” পুলিশ সূত্রে খবর, আক্রান্ত বৃদ্ধ এখনো লিখিত অভিযোগ দায়ের না করায় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তবে ভাইরাল ভিডিও খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।