নেহরুর রেকর্ড ভেঙে ইতিহাসে মোদী! ‘শক্তিশালী ও জ্ঞানী’ বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে কী বললেন ট্রাম্প?

নয়া দিল্লি: স্বাধীন ভারতের ইতিহাসে এক অবিস্মরণীয় নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ইতিহাসে একটানা সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ড এখন তাঁর ঝুলিতে। এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতেই বিশ্বমঞ্চ থেকে ভেসে আসছে একের পর এক শুভেচ্ছাবার্তা। যার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা। সোশ্যাল মিডিয়ায় মোদীকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প তাঁকে একজন ‘শক্তিশালী, সুস্থ ও জ্ঞানী নেতা’ হিসেবে বর্ণনা করেছেন।
বুধবারই প্রধানমন্ত্রী হিসেবে একটানা ৪,৩৯৯ দিন পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। আর এরই সাথে তিনি ভেঙে দিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটানা ৪,৩৯৮ দিন ক্ষমতায় থাকার দীর্ঘদিনের রেকর্ড। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার কুর্সিতে বসার পর, ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতে টানা তৃতীয়বার দেশের হাল ধরেছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, “আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনেক অভিনন্দন। তিনি সত্যিই একজন মহান নেতা। একই সাথে শক্তিশালী, সুস্থ ও জ্ঞানী। ওঁর সামনে আরও বহু বছরের সাফল্য ও কৃতিত্ব অপেক্ষা করছে।”
মার্কিন প্রেসিডেন্টের এই বার্তার জবাবে মোদীও ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “আপনার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প। দুই দেশ তথা সমগ্র বিশ্বের কল্যাণে ভারত-আমেরিকার কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে আপনার সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি।”
চলতি বছরেই একাধিকবার এই দুই বিশ্বনেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কখনো বাণিজ্য ও শুল্ক চুক্তি, আবার কখনো হরমুজ প্রণালীর উদ্বেগ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন তাঁরা। ট্রাম্প ছাড়াও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে মোদীকে অভিনন্দন জানিয়েছেন।
এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী দেশের শক্তিক্ষেত্রে স্বনির্ভরতার ওপর বিশেষ জোর দিয়েছেন। আগামী দিনে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন বাড়িয়ে ৫০০ গিগাওয়াট ক্ষমতা ছোঁয়ার লক্ষ্যমাত্রা নিয়ে দেশ এগোবে বলে বার্তা দিয়েছেন তিনি।