স্কুলের ভল্টে পৌনে ২ কোটির পাহাড়! সঙ্গে আপত্তিকর সামগ্রী

স্কুলের ভল্টে পৌনে ২ কোটির পাহাড়! সঙ্গে আপত্তিকর সামগ্রী

কাঁচরাপাড়া: কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের রেশ কাটতে না কাটতেই এবার বিপুল টাকা উদ্ধার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়ার ‘হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল’-এর ভল্ট থেকে উদ্ধার হলো নগদ প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা! ৫০০, ২০০ এবং ১০০ টাকার নোটে ঠাসা বান্ডিল উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার স্কুলের অধ্যক্ষের সঙ্গে হিসাবরক্ষকদের টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে বড়সড় গন্ডগোল বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ চলাকালীনই স্কুলের ভেতরে একটি গোপন ভল্টের হদিশ পায় তারা। এরপর ব্যাঙ্ক থেকে টাকা গোনার মেশিন এনে গভীর রাত পর্যন্ত চলে নোট গোনার কাজ। একটি বেসরকারি স্কুলে এত টাকা কোথা থেকে এল, আর ব্যাঙ্কে না রেখে কেনই বা তা স্কুলের ভল্টে লুকিয়ে রাখা হয়েছিল— এই প্রশ্নের উত্তর খুঁজতে স্কুলের দুই হিসাবরক্ষককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

এদিকে এই ঘটনার পরই সামনে এসেছে আরও একাধিক বিস্ফোরক তথ্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই স্কুলের ভেতরে দুষ্কৃতীদের আনাগোনা ছিল এবং নানা অসামাজিক কাজকর্ম চালানো হতো। তল্লাশি চালিয়ে স্কুলের ভেতরে একটি বিলাসবহুল ঘরের সন্ধানও পেয়েছে পুলিশ। এখানেই শেষ নয়, স্কুলের ‘সিক রুম’-এর আলমারি থেকে প্রচুর পরিমাণে কনডম ও অন্যান্য আপত্তিকর সামগ্রীও উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, এই স্কুলটির পরিচালন সমিতির সভাপতি হলেন কমল অধিকারী, যিনি বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই। ঘটনার পর থেকেই কমল অধিকারীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না, তিনি পলাতক বলেই মনে করা হচ্ছে। স্কুলের আড়ালে কোনো বড়সড় বেআইনি কারবার বা রেশন দুর্নীতির টাকা লুকানো ছিল কি না, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *