গেরুয়া কুপনে বাস পিছু ৪০ টাকা! গুসকরায় তোলাবাজির অভিযোগে চাঞ্চল্য, তালা পড়ল ইউনিয়ন অফিসে

গেরুয়া কুপনে বাস পিছু ৪০ টাকা! গুসকরায় তোলাবাজির অভিযোগে চাঞ্চল্য, তালা পড়ল ইউনিয়ন অফিসে

পূর্ব বর্ধমান: রাজ্যে তোলাবাজি ও বেআইনি চাঁদা আদায়ের বিরুদ্ধে প্রশাসন যখন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা বলছে, ঠিক তখনই পূর্ব বর্ধমানের গুসকরা বাসস্ট্যান্ডে সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বাসস্ট্যান্ডে গাড়ি দাঁড় করালেই বিএমএস (BMS)-এর তরফে দেওয়া হচ্ছিল একটি গেরুয়া রঙের কুপন, আর তার বিনিময়ে বাস মালিকদের থেকে তুলে নেওয়া হচ্ছিল ৪০ টাকা করে!

স্থানীয় সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের পর ক্ষমতার পালাবদল হতেই গুসকরা বাসস্ট্যান্ডের পুরনো তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়টির রং বদলে গেরুয়া করে দেওয়া হয়। গত প্রায় এক সপ্তাহ ধরে সেই ইউনিয়ন অফিস থেকেই ভারতীয় মজদুর সংঘের (BMS) সদস্যরা বাস পিছু ৪০ টাকা করে আদায় করছিলেন। বাস মালিকরা জানিয়েছেন, গুসকরা পুরসভাকে এমনিতেই প্রতিদিন ২৫-৩০ টাকা ফি দিতে হয়, তার ওপর এই অতিরিক্ত ৪০ টাকার বোঝা চাপানো হচ্ছিল।

যে কুপন দিয়ে টাকা তোলা হচ্ছিল, তাতে কোনো দল বা সংগঠনের স্পষ্ট নাম না থাকলেও ছিল গেরুয়া পতাকার ছবি। ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। বিতর্ক এড়াতে বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে আলোচনার পর পুলিশকে জানায়। পুলিশের হস্তক্ষেপে আপাতত এই কুপন কেটে টাকা তোলা বন্ধ হয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

তবে এই কুপন বিতর্কে মুখে খুলেছেন ভারতীয় মজদুর সংঘের জেলা কমিটির সভাপতি মাধব দাস। তিনি স্বীকার করে নেন যে, তাঁদের অনুমতিতেই বাসস্ট্যান্ডের শ্রমিক সংগঠন এই চাঁদা সংগ্রহ করছিল। তবে তাঁর দাবি, বিনিময়ে বাস চালক ও শ্রমিকদের বিভিন্ন পরিষেবাও দেওয়া হচ্ছিল। যদিও বিতর্ক তৈরি হওয়ায় আপাতত এই টাকা তোলা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *