“শিবের নামে বলছি, সায়নীকে নেবেন না!” মোদী-শাহের কাছে হাতজোড় করে কাতর আর্জি তথাগতর

“শিবের নামে বলছি, সায়নীকে নেবেন না!” মোদী-শাহের কাছে হাতজোড় করে কাতর আর্জি তথাগতর

কলকাতা: তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদ সায়নী ঘোষকে নিয়ে এবার সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে আর্জি জানালেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। শিবলিঙ্গ বিতর্কের স্মৃতি উস্কে দিয়ে তথাগতর স্পষ্ট দাবি, যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষের সাথে বিজেপি যেন কোনোভাবেই কোনো সম্পর্ক না রাখে।

সম্প্রতি কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের একঝাঁক ‘বিদ্রোহী’ সাংসদ লোকসভার স্পিকারের কাছে চিঠি জমা দিয়েছেন, যার মধ্যে সায়নী ঘোষের নামও রয়েছে। শুধু তাই নয়, দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে শুভেন্দু অধিকারীর সাথে সায়নীসহ অন্যান্য তৃণমূল সাংসদদের একটি বৈঠকও হয়েছে বলে খবর। এর পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এক্স (টুইটার) হ্যান্ডলে সরব হন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপি-র অফিশিয়াল হ্যান্ডলকে ট্যাগ করে তথাগত রায় লেখেন, “বাকিদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। তবে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ অতীতে একটি মিম পোস্ট করে শিবলিঙ্গে কন্ডোম পরানো দেখিয়েছিলেন। সেই ঘটনা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। রবীন্দ্র সরোবর থানায় ওঁর নামে অভিযোগ দায়ের করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

এখানেই শেষ নয়, তৃণমূলের নির্বাচনী প্রচারে সায়নীর গাওয়া একটি গানের প্রসঙ্গ টেনেও আপত্তি তোলেন তথাগত। তিনি লেখেন, “তৃণমূলের প্রচারে গিয়ে সায়নী গেয়েছিলেন— ‘আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা’। তাই ভগবান শিবের নাম করে বলছি, সায়নী ঘোষের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না।”

তৃণমূলের অন্দরে যখন বিদ্রোহের আগুন এবং শুভেন্দু অধিকারীর সাথে সায়নী ঘোষদের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে দলবদলের জল্পনা তুঙ্গে, ঠিক তখনই তথাগত রায়ের এই ‘শিবের দোহাই’ দেওয়া পোস্ট গেরুয়া শিবিরের অন্দরে নতুন বিতর্ক তৈরি করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *