‘বেঁচে থেকেও তিলে তিলে মরবি!’ সায়নীর মৃত্যুর পর প্রেমিকের উদ্দেশ্যে মা মলির চরম অভিশাপ
কলকাতা: মে মাসের শেষ সপ্তাহে আকস্মিক আত্মহননের পথ বেছে নিয়েছিলেন মাত্র ২৩ বছর বয়সী জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়নী চক্রবর্তী। মা-মেয়ের মিষ্টি জুটির সেই হাসিমুখের কনটেন্ট আর দেখা যাবে না, তা এখনও বিশ্বাস করতে পারছেন না অনুরাগীরা। মেয়েকে হারানোর সেই বুকফাটা যন্ত্রণা নিয়েই এবার প্রথমবার সোশ্যাল মিডিয়ায় লাইভে এলেন মা মলি চক্রবর্তী। ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়ে সায়নীর প্রেমিককে চরম অভিশাপ দিলেন এক অভাগা মা।
লাইভে এসে মলিদেবী জানান, চার বছর ধরে ত্রিবেণীর এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সায়নীর। দুই পরিবারই সেই সম্পর্ক মেনে নিয়েছিল। সায়নীর মৃত্যুর পর তাঁর প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পরিবার এবং সেই যুবক এখন শ্রীঘরে। কিন্তু মায়ের মনের আগুন তাতে কমেনি। লাইভে ক্ষোভ উগড়ে দিয়ে মলিদেবী বলেন, “অনেকদিন আগেই ধরা পড়েছে ছেলেটি। জানি না ও কতদিন জেলে থাকবে বা কতটা শাস্তি পাবে। তবে এক অভাগা মা হয়ে মন থেকে অভিশাপ দিচ্ছি, তুই কোনওদিন সুখী হবি না। বেঁচে থেকেও তিলে তিলে মরবি।”
মেয়ে হারানোর পাশাপাশি এই কঠিন সময়ে আরও এক প্রিয় সদস্যকে হারিয়েছে চক্রবর্তী পরিবার। মলিদেবী ও সায়নীর ভ্লগের অন্যতম আকর্ষণ ছিল তাঁদের পোষ্যরা। দিদির চলে যাওয়ার শোক সহ্য করতে না পেরে চার-পাঁচ দিন আগে মারা গেছে তাঁদের প্রিয় পোষ্য ‘বুজো’। অন্য পোষ্য ‘পরী’ও খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।
শোকে পাথর মলিদেবী প্রথমে ভেবেছিলেন আর কখনও ক্যামেরার সামনে আসবেন না। কিন্তু এই অবলা প্রাণীগুলোর মুখের দিকে তাকিয়েই এখন তাঁকে ঘুরে দাঁড়াতে হবে। অনুরাগীদের কাছে কিছুটা সময় চেয়ে নিয়ে মলিদেবী প্রতিজ্ঞা করেছেন, সায়নীকে ছাড়া পথ চলা কঠিন হলেও, অবলা পোষ্যদের বাঁচিয়ে রাখতে তিনি আবারও নতুন কনটেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফিরবেন।