দিল্লির সেই হোটেল অগ্নিকাণ্ডে বাড়ল মৃত্যুমিছিল, এবার প্রাণ হারালেন বাংলাদেশি নারী! মৃতের সংখ্যা বেড়ে ২৩

নয়া দিল্লি: দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেহানা আখতার (৩৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হলো। এই নিয়ে দিল্লির এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ জনে, যার মধ্যে ১৪ জনই বিদেশি নাগরিক।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার বাসিন্দা রেহানা তাঁর স্বামী মোশারফ হোসেনের কিডনি প্রতিস্থাপনের চিকিৎসার জন্য গত ২ জুন দিল্লি এসেছিলেন। সাকেত এলাকার একটি বেসরকারি হাসপাতালের কাছেই ‘ফ্লোরিশ ইন স্টে’ নামের ওই হোটেলে সপরিবারে উঠেছিলেন তাঁরা। গত ৪ জুন সেই হোটেলেই আচমকা আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের দিনই রেহানার ভাই নুরুল আমিনের মৃত্যু হয়েছিল। আর গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে লড়াই করার পর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেহানাও।
দক্ষিণ দিল্লির ডিসিপি অনন্ত মিত্তাল জানিয়েছেন, গত সপ্তাহে এই একই ঘটনায় চিকিৎসাধীন এক নাইজেরিয়ান নাগরিকেরও মৃত্যু হয়েছিল। হোটেলটিতে নিয়ম না মেনে ওপরের তলাগুলো তৈরি করা হয়েছিল এবং প্রশাসনের অনুমতি ছাড়াই সেটি চালানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় হোটেলের মালিক লভকেশ বাজাজসহ দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বুধবারই আদালত হোটেল মালিককে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।