ভবানী ভবনে সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জেরায় মেজাজ হারালেন অভিষেক! সন্তুষ্ট না হয়ে রবিবারে ফের ডাকল সিআইডি

বিধায়কদের সই জালিয়াতি মামলায় ভবানী ভবনে সিআইডি গোয়েন্দাদের ম্যারাথন জেরার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে ভবানী ভবনে প্রবেশের পর টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সিআইডি সূত্রে খবর, দীর্ঘ এই জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের সদুত্তর দেননি ডায়মন্ড হারবারের সাংসদ। উল্টে এক সময়ে তিনি চরম মেজাজ হারান। অভিষেকের জবাবে গোয়েন্দারা পুরোপুরি সন্তুষ্ট না হওয়াতেই আগামী রবিবার, ১৪ জুন তাঁকে ফের তলব করা হয়েছে। ওই দিন বেলা ১২টার মধ্যে তাঁকে পুনরায় ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এড়ালেন প্রশ্ন, হারালেন মেজাজ
সিআইডি সূত্রের দাবি, সাড়ে পাঁচ ঘণ্টার এই ম্যারাথন জিজ্ঞাসাবাদে দলের বিধায়কদের রেজোলিউশন বুক সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় অভিষেককে। কিন্তু সেই প্রশ্নগুলি তিনি সুকৌশলে এড়িয়ে যান। তদন্তকারীদের মুখোমুখি হয়ে এক সময় তিনি তীব্র বিরক্তি প্রকাশ করেন এবং মেজাজ হারান বলে জানা গিয়েছে। ভবানী ভবন থেকে বেরিয়েই অভিষেক সোজা চলে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। সেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সিআইডি জেরা নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে বলে খবর।
রাজ্য ও কেন্দ্রের জোড়া ফলায় ‘যুবরাজ’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি এখানেই শেষ হচ্ছে না। রবিবারের সিআইডি হাজিরার ঠিক পরের দিনই অর্থাৎ আগামী ১৫ জুন নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পর পর দু’দিন যথাক্রমে রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে তৃণমূলের এই শীর্ষ নেতাকে, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
হাইকোর্টের কড়া নির্দেশে হাজিরা
এর আগে সিআইডি-র একাধিক সমন এড়িয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনও শারীরিক অসুস্থতার কথা বলে সময় চেয়েছিলেন, আবার কখনও দিল্লি চলে গিয়েছিলেন। এর মধ্যেই গ্রেপ্তারির আশঙ্কায় আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তবে বৃহস্পতিবার মামলার শুনানিতে হাইকোর্ট তাঁকে সন্ধ্যা ৬টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেয় এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার কথা জানায়। আদালতের সেই কড়া নির্দেশ মেনেই নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।