২৬০ জনের প্রাণ কেড়ে নেওয়া সেই আমেদাবাদ বিমান দুর্ঘটনার ১ বছর, এখনও মেলেনি চূড়ান্ত তদন্ত রিপোর্ট!

আমেদাবাদ: আজ থেকে ঠিক এক বছর আগে আকাশ ছুঁয়েছিল এক বুক স্বপ্ন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তা বদলে যায় জীবন্ত মহাশ্মশানে। ২০২৫ সালের ১২ জুন আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ওড়ার পরপরই মাঝআকাশে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি। ২৬০ জন আরোহীর মর্মান্তিক মৃত্যুতে কেঁপে উঠেছিল গোটা বিশ্ব। আজ, ১২ জুন ২০২৬, সেই অভিশপ্ত ও কালান্তক ঘটনার এক বছর পূর্ণ হলো।
কিন্তু দুর্ঘটনার এক বছর পার হয়ে গেলেও নিহতদের পরিবার এখনও জানতে পারল না ঠিক কী কারণে ঘটেছিল এই বিপর্যয়। তদন্তকারী সংস্থা এএআইবি (AAIB) এবং সংশ্লিষ্ট যৌথ দলগুলো জানিয়েছে, নির্ধারিত সময়ে চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
তদন্তকারীদের দাবি, বিমানটির ইঞ্জিনের অত্যন্ত জটিল প্রযুক্তিগত বিশ্লেষণ এখনও সম্পূর্ণ করা যায়নি। ব্ল্যাক বক্সের ডেটা এবং ইঞ্জিনের ধ্বংসাবশেষ পরীক্ষা করার প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম ও সময়সাপেক্ষ হওয়ায় এই বিলম্ব ঘটছে। ফলে প্রিয়জন হারানোর এক বছর পরও এক বুক হাহাকার আর অধরা বিচার নিয়ে দিন কাটছে ২৬০টি পরিবারের।