মমতার সাধের BGBS-এ ৬৩৫ কোটির দুর্নীতি! বিজ্ঞাপন সংস্থার খোঁজে এবার তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মমতার সাধের BGBS-এ ৬৩৫ কোটির দুর্নীতি! বিজ্ঞাপন সংস্থার খোঁজে এবার তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) নামে কোটি কোটি টাকার এলাহী খরচের নেপথ্যে এবার বড়সড় দুর্নীতির গন্ধ পাচ্ছে রাজ্যের নতুন সরকার। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই সম্মেলনের নামে ঠিক কোন খাতে ৬৩৫ কোটি টাকা খরচ হয়েছিল, তা এবার কড়া তদন্তের আওতায় আসতে চলেছে। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের একটি অনুষ্ঠান থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিস্ফোরক অভিযোগ তোলেন।

মুখ্যমন্ত্রীর দাবি, কলকাতা-ভিত্তিক একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট তথা বিজ্ঞাপন সংস্থাকে ঘিরেই এই বিপুল আর্থিক লেনদেন হয়েছে। গত কয়েক বছরে এই সংস্থাটি তৎকালীন সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুবাদে প্রায় ৬৩৫ কোটি টাকার বরাত পেয়েছিল।

বিনিয়োগ শূন্য, পকেট ভরল এজেন্সির!

রাজ্যে শিল্প ও লগ্নি টানার যুক্তি দেখিয়ে প্রতি বছর ধুমধাম করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করত পূর্বতন তৃণমূল সরকার। কিন্তু ক্ষমতা বদলের পর নতুন সরকারের আতসকাচের নিচে এখন সেই খরচের খতিয়ান। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানান, বছরের পর বছর বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলায় বিপুল বিনিয়োগের গালভরা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনও প্রতিফলন ঘটেনি। কাজের কাজ না হলেও একটি নির্দিষ্ট সংস্থাকে কোটি কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে।

আর্থিক তছরূপের মামলার হুঁশিয়ারি:

তদন্ত প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে সম্পূর্ণ তালিকা রয়েছে। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা পাইয়ে দিয়েছে। এর তদন্ত তো হবেই, প্রয়োজনে আমরা মামলা করব।” এই দুর্নীতির শিকড় খুঁজতে কেন্দ্রীয় আর্থিক তছরূপ তদন্তকারী সংস্থাগুলিকেও (ED/CBI) দায়িত্ব দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধানের স্পষ্ট হুঁশিয়ারি, “আমরা কাউকে ছাড়ব না। কাউকে ছাড়ার জন্য তো সাধারণ মানুষ আমাদের বসায়নি। পুষ্পাদের (দুর্নীতিগ্রস্তদের) পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *