“উনি আমায় ছোট থেকে বড় করেছেন, ওঁর অধিকার আছে!” কল্যাণের চরম হুঁশিয়ারির পর বড় বার্তা অভিষেকের

“উনি আমায় ছোট থেকে বড় করেছেন, ওঁর অধিকার আছে!” কল্যাণের চরম হুঁশিয়ারির পর বড় বার্তা অভিষেকের

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই এক অভাবনীয় মোড় নিলেন অভিষেক। বৃহস্পতিবার কল্যাণের দেওয়া চরম ‘আল্টিমেটাম’-এর জবাবে শুক্রবার অত্যন্ত কৌশলী ও নমনীয় বার্তা দিলেন তিনি। কালীঘাটে নিজের বাসভবনের সামনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিষেক স্পষ্ট জানিয়ে দেন, কল্যাণের তাঁকে নিয়ে কটূ কথা বলার পূর্ণ অধিকার রয়েছে।

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ‘ফাইনাল কল’ নেওয়ার বার্তা দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক দাবি করেছিলেন, “অভিষেকের জন্য দলটার সর্বনাশ হয়েছে। দিদি অভিষেককে নিয়ে চললে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে চললে আমি দিদির পাশে আছি।”

২৪ ঘণ্টার মধ্যেই কল্যাণের এই তীব্র আক্রমণের জবাবে সৌহার্দ্যের সুর শোনা গেল অভিষেকের গলায়। তিনি বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। উনি আমায় ছোট থেকে মানুষ করেছেন, বড় হতে দেখেছেন। আমি কথাগুলি খারাপ ভাবে নিই না। ওঁর একটা ঘটনা খারাপ লাগতে পারে, তাই হয়তো বলেছেন।”

দলের এই প্রবীণ নেতার প্রতি শ্রদ্ধা বজায় রেখে অভিষেক আরও যোগ করেন, “আমি তাঁকে সম্মান করতাম, আগামী দিনেও করব।” কল্যাণের বেঁধে দেওয়া চরম ‘মমতা বনাম অভিষেক’ সমীকরণের মুখে দাঁড়িয়ে অভিষেকের এই নরম ও পরিণত জবাব রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *