প্রাক্তন প্রেমিকার ছবিতে শুধু একটা ‘লাইক’! রাগে বয়ফ্রেন্ডের ৪ লাখি রয়্যাল এনফিল্ড বেচে দিলেন বর্তমান প্রেমিকা

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার যুগে একটা ছোট্ট ‘লাইক’ যে কতটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, তা হাড়ে হাড়ে টের পেলেন এক যুবক। প্রাক্তন প্রেমিকার (Ex-Girlfriend) ছবিতে ভুল করে লাইক দেওয়ায় যুবকের ওপর চরম প্রতিশোধ নিলেন তাঁর বর্তমান প্রেমিকা। রাগে অগ্নিশর্মা হয়ে তিনি বয়ফ্রেন্ডের সাধের ৪ লক্ষ টাকা মূল্যের দামী মোটরবাইকটিই বিক্রি করে দিলেন!
ডিজিটাল দুনিয়ার এই যুগে রিলেশনশিপে সন্দেহ আর নজরদারি কোন পর্যায়ে পৌঁছাতে পারে, এই ঘটনা তারই এক জলজ্যান্ত উদাহরণ।
একটি ‘লাইক’ আর জীবন তোলপাড়:
ঘটনাটি ঘটেছে দেশের রাজধানীতে। জানা গেছে, ওই যুবক সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে আচমকাই তাঁর প্রাক্তন প্রেমিকার ইনস্টাগ্রামের একটি ছবিতে লাইক দিয়ে বসেন। আর এই ডিজিটাল অ্যাক্টিভিটি নজর এড়ায়নি বর্তমান প্রেমিকার। প্রাক্তনের প্রতি বয়ফ্রেন্ডের এই নরম মনোভাব দেখে রাগে ফেটে পড়েন তিনি। বয়ফ্রেন্ডকে উচিত শিক্ষা দিতে তাঁর সবচেয়ে প্রিয় জিনিসটিকেই টার্গেট করেন প্রেমিকা। বাজারে যার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা, সেই সাধের ‘রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি ৬৫০’ (Royal Enfield Continental GT 650) বাইকটি চুপিচুপি বিক্রি করে দেন তিনি।
পুলিশে যাওয়ারও উপায় নেই!
হঠাৎ বাড়ি থেকে সাধের বাইক উধাও হয়ে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ে ওই যুবকের। চুরির অভিযোগ জানাতে যখন তিনি থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখনই বর্তমান প্রেমিকা নিজেই স্বীকার করেন যে বাইকটি তিনিই বেচে দিয়েছেন! এই কথা শুনে যুবকের পায়ের তলা থেকে মাটি সরে যায়।
সবচেয়ে মজার বিষয় হলো, এই কাণ্ডের পর থানায় গিয়ে অভিযোগ জানানোর সাহসও পাচ্ছেন না ওই যুবক। কারণ বর্তমান প্রেমিকা পাশে থাকতে প্রাক্তনের ছবিতে লাইক মারাটাও তাঁর কাছে এক ‘মহাপাপ’। তাই মুখ বুজে প্রেমিকার এই চরম শাস্তি মেনে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই তাঁর।
ইতিমধ্যেই এই খবরটি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনরা মজাদার সব মন্তব্য করছেন। কেউ কেউ যুবকদের পরামর্শ দিয়ে লিখেছেন, “প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখলেও এভাবে প্রকাশ্য লাইক মারা বন্ধ করুন।” আবার কেউ বলছেন, “ভুল করে লাইক পড়ে গেলেও সঙ্গে সঙ্গে তা ‘আনলাইক’ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, নয়তো কপালে এরকমই শনি নাচবে!”