শুধুমাত্র হাতজোড় নয়, কান ধরে ক্ষমা চাইলেন ফলতার একসময়ের বেতাজ বাদশা পুষ্প জাহাঙ্গীর খান!

শুধুমাত্র হাতজোড় নয়, কান ধরে ক্ষমা চাইলেন ফলতার একসময়ের বেতাজ বাদশা পুষ্প জাহাঙ্গীর খান!

নিজস্ব প্রতিবেদক, ডায়মন্ড হারবার:
দীর্ঘদিন ধরে চলা নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং গুরুতর অভিযোগের কেন্দ্রে থাকা জাহাঙ্গির খানকে ফের পুলিশি হেফাজতে পাঠাল ডায়মন্ড হারবার আদালত। জমি দখল ও এলাকায় ত্রাস সৃষ্টির মতো অভিযোগের পাশাপাশি, এবার সরকারি প্রকল্পের টাকা তছরুপের মতো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তে।

স্থানীয় সূত্রের অভিযোগ, এলাকায় ‘পুষ্পা’ নামেই পরিচিত জাহাঙ্গির খান দীর্ঘকাল ধরে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে আধিপত্য বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা বেশ দীর্ঘ। পুলিশের তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে এক স্থানীয় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও মারধরের ঘটনাটি। অভিযোগ রয়েছে, লুঠপাটের নেপথ্যে মূল হোতা ছিলেন খোদ এই জাহাঙ্গিরই। এর পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘আবাস যোজনা’র অর্থ তছরুপের মতো গুরুতর অভিযোগও তার বিরুদ্ধে দায়ের হয়েছে।

তদন্তকারী আধিকারিকদের দাবি, জিজ্ঞাসাবাদের বর্তমান পর্যায়ে একাধিক নতুন তথ্য সামনে আসছে। ঘটনার গভীরে পৌঁছাতে এবং নতুন তথ্যগুলো যাচাই করতেই জাহাঙ্গিরকে ফের পুলিশি হেফাজতে নেওয়া জরুরি বলে তারা আদালতে আবেদন জানান।

রবিবার জাহাঙ্গিরকে আদালতে তোলা হলে গোটা চত্বরে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলকে নিশানা করেছে বিজেপি। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা বলেন, ‘‘এলাকাবাসী ওর অত্যাচারে অতিষ্ঠ। একে একে ওর বিরুদ্ধে নতুন নতুন মামলা যুক্ত হচ্ছে। পাঁচ দিনের হেফাজত শেষে ফের ছয় দিনের হেফাজত দেওয়া হয়েছে। আশা করি আইন তার নিজস্ব গতিতে চলবে এবং মানুষ স্বস্তি পাবে।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *