গণতন্ত্র কি প্রহসনের থিয়েটার? তৃণমূল বিধায়কদের পদ খারিজের দাবিতে সরব কপিল

গণতন্ত্রে ‘প্রহসন’ চলছে, তৃণমূল থেকে দলত্যাগীদের সাংসদ পদ খারিজের দাবি কপিল সিব্বলের
তৃণমূলের সংসদীয় দল ভাঙার কৌশলকে ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এক ‘চরম রসিকতা’ বা ‘প্রহসনের থিয়েটার’ (থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড) বলে তীব্র কটাক্ষ করলেন প্রবীণ আইনজীবী ও সাংসদ কপিল সিব্বল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি দাবি তুলেছেন যে, দলত্যাগ বিরোধী আইনকে ফাঁকি দিয়ে যারা অন্য দলের আশ্রয়ে সাংসদ পদ টিকিয়ে রাখার চেষ্টা করছেন, লোকসভার স্পিকার ওম বিড়লার উচিত অবিলম্বে তাদের সাংসদ পদ খারিজ করা।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন বিদ্রোহী সাংসদের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতেই রাজনীতির অন্দরমহলে শোরগোল পড়েছে। বিভিন্ন আইনি বিশেষজ্ঞের মতে, দলত্যাগ বিরোধী আইনের আইনি জটিলতা এড়াতে যে কৌশলে হাওড়ার একটি নথিভুক্ত নামসর্বস্ব ছোট দলের নাম ব্যবহার করা হচ্ছে, তাকেই সিব্বল ‘অদ্ভুতুড়ে’ বা ‘অ্যাবসার্ড’ বলে অভিহিত করেছেন। ভারতীয় গণতন্ত্রের এমন অপপ্রয়োগের বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি অবিলম্বে সাংবিধানিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।