E20 পেট্রোলে ইঞ্জিন বিকল হলে কি মিলবে ইনস্যুরেন্সের টাকা? ধোঁয়াশা বাড়াল বিমা সংস্থার নতুন নিয়ম

E20 পেট্রোলে ইঞ্জিন বিকল হলে কি মিলবে ইনস্যুরেন্সের টাকা? ধোঁয়াশা বাড়াল বিমা সংস্থার নতুন নিয়ম

কলকাতা: পরিবেশবান্ধব ও আমদানি নির্ভরতা কমাতে দেশজুড়ে E20 (২০% ইথানল মিশ্রিত) পেট্রোলের ব্যবহার দ্রুত বাড়াচ্ছে ভারত সরকার। কিন্তু এই নতুন জ্বালানিই এখন রাতের ঘুম উড়িয়েছে পুরনো গাড়ি ও বাইক মালিকদের। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে— E20 পেট্রোল ব্যবহারের ফলে যদি গাড়ির ইঞ্জিনের বড়সড় ক্ষতি হয়, তবে কি বিমা কো ম্পা নি সেই টাকা দেবে? সম্প্রতি দেশের প্রথম সারির বিমা সংস্থা ‘ICICI Lombard’-এর একটি নির্দেশিকা এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

বিমা সংস্থার স্পষ্ট বার্তা, E20 পেট্রোল ব্যবহার করলেই যে গাড়ির ইনস্যুরেন্স পলিসি বাতিল হয়ে যাবে, এমনটা নয়। তবে এই জ্বালানির কারণে ক্ষতি হলে বিমার টাকা বা ক্লেম (Claim) পাওয়া মোটেও সহজ হবে না। বিশেষ করে ২০২৩ সালের আগে তৈরি পুরনো গাড়িগুলোর ক্ষেত্রে টাকা না মেলার সম্ভাবনাই বেশি।

কেন টাকা নাও দিতে পারে বিমা কো ম্পা নি?

  • ভুল জ্বালানির ব্যবহার: নির্দেশিকায় বলা হয়েছে, যে গাড়ি বা বাইক E20 জ্বালানির উপযোগী করে তৈরি করা হয়নি, তাতে এই তেল ভরা হলে সেটিকে ‘অনুপযুক্ত ব্যবহার বা অবহেলা’ হিসেবে গণ্য করা হতে পারে। এই যুক্তিতে বিমা সংস্থা আপনার ক্লেম বাতিল করে দিতে পারে।
  • ধীরে ধীরে হওয়া ক্ষতি (Consequential Damage): সাধারণ মোটর বিমা পলিসিতে পরোক্ষ বা সময়ের সাথে ধীরে ধীরে হওয়া ক্ষয়ক্ষতি কভার করা হয় না। E20 পেট্রোলের কারণে ইঞ্জিনে যদি ধীরে ধীরে জং ধরে বা পার্টস নষ্ট হয়, তবে বিমার টাকা পাওয়া যাবে না।
  • ইঞ্জিন প্রোটেকশন প্ল্যানও ব্যর্থ: অনেকে গাড়ির সুরক্ষায় অতিরিক্ত টাকা দিয়ে ‘ইঞ্জিন প্রোটেকশন অ্যাড-অন’ নিয়ে থাকেন। কিন্তু বিমা সংস্থা জানিয়েছে, এই সুবিধা মূলত জল ঢোকা বা তেল লিক করার মতো সমস্যায় কাজ দেয়; জ্বালানির কারণে ইঞ্জিনের ক্ষতি বা ক্ষয় কভার করে না।

পুরনো গাড়ির মালিকদের কপালে চিন্তার ভাঁজ

একটি সমীক্ষায় দেখা গেছে, ২০২৩ সালের আগে তৈরি পেট্রোল গাড়ির মালিকরা ইতিমধ্যেই E20 ব্যবহারের ফলে মাইলেজ কমে যাওয়া, গাড়ির কর্মক্ষমতা হ্রাস এবং রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে যাওয়া নিয়ে চরম ভুক্তভোগী। এর ওপর ইনস্যুরেন্স না মেলার এই আশঙ্কা তাঁদের পকেটে বড় কোপ মারতে পারে।

বিশেষজ্ঞদের মতে, E20-র কারণে ক্ষতি হলে শেষ পর্যন্ত ক্লেম মিলবে কি না, তা নির্ভর করবে ক্ষতির ধরন এবং বিমা পলিসির খুঁটিনাটি শর্তের ওপর। তবে আপাতত এটুকুই স্পষ্ট— E20 পেট্রোল ব্যবহারকারীদের জন্য ইনস্যুরেন্সের রাস্তা বেশ কঠিন হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *