‘যেখানেই হাত দিচ্ছি, সেখানেই দুর্নীতি!’ পুরুষদেরও বিধবা ভাতা দিয়েছে আগের সরকার: বিস্ফোরক শুভেন্দু

রেয়াপাড়া: “বিগত সরকারের জমানায় যেখানেই হাত দিচ্ছি, সেখানেই শুধু দুর্নীতির খোঁজ মিলছে। পুরুষদেরও লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ লক্ষ টাকা পাইয়ে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে বিধবা ভাতাও!” রেয়াপাড়ার জনকল্যাণ শিবির থেকে এভাবেই পূর্বতন সরকারের আমলের দেদার দুর্নীতির খতিয়ান তুলে ধরে চাঁছাছোলা আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন সরকারি শিবিরের মঞ্চ থেকে রাজ্যের বর্তমান শাসকদলের কাজের খতিয়ানও আমজনতার সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকারের অন্যতম বড় প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’র সুবিধা ইতিমধ্যেই কোটি কোটি মানুষের দোরগোড়ায় পৌঁছাতে শুরু করেছে। শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যের প্রায় ৮৯ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছে এই অন্নপূর্ণা যোজনার টাকা।
তবে অন্নপূর্ণা যোজনার সাফল্যের খতিয়ান দেওয়ার পাশাপাশি, আগের সরকারের আমলে হওয়া বিভিন্ন সামাজিক প্রকল্পের ভুতুড়ে উপভোক্তা ও আর্থিক নয়ছয় নিয়ে সরব হন তিনি। পুরুষদের নিয়মবহির্ভূতভাবে লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে, সরকারি প্রকল্পের নামে হওয়া বিগত জমানার এই সমস্ত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে বর্তমান সরকার।