আমেরিকা-ইরান যুদ্ধ শেষ, কমল অপরিশোধিত তেলের দাম! এবার কি সস্তা হচ্ছে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাস?

নয়াদিল্লি: সাধারণ মানুষের পকেটে স্বস্তির ইঙ্গিত! অবশেষে অবসান ঘটল ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ পরিস্থিতির। যুদ্ধ থামতেই আন্তর্জাতিক বাজারে হু হু করে কমতে শুরু করেছে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম। যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়তে পারে ভারতের বাজারেও। খুব শীঘ্রই দেশে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের (LPG) দাম কমতে পারে বলে আশা করা হচ্ছে।
যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার খুলে দেওয়া হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ ‘হরমুজ প্রণালী’। ফলে এই পথ দিয়ে আবার আগের মতোই স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করতে পারবে। উল্লেখ্য, ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেল এবং এলপিজি (LPG)-র ৮৫ শতাংশেরও বেশি এই হরমুজ প্রণালী দিয়েই আমদানি করে থাকে। এই পথ সচল হওয়ায় ভারতের জ্বালানি আমদানির সংকট কাটল।
এদিকে, দুই দেশের মধ্যে শান্তি চুক্তির খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় অনেকটাই পড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের (Brent Crude) দাম ৩ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৪ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, ডব্লিউটিআই (WTI)-এর দামও ৩.৪ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল প্রতি ৮১.৯৯ ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারের এই পতনের জেরে ভারতের আমজনতাও এবার সস্তায় জ্বালানি পাওয়ার আশায় দিন গুনছে।