অন্নপূর্ণা যোজনায় আবেদনের জোয়ার, ভুয়ো ওয়েবসাইটের ফাঁদ এড়াতে রাজ্য সরকারের কড়া সতর্কতা!

রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে এই মুহূর্তে রাজ্যজুড়ে তুমুল চর্চা চলছে। জুন মাসের শুরু থেকেই এই প্রকল্পের ফর্ম পূরণ এবং উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া সমান্তরালভাবে এগিয়ে চলেছে। এই প্রকল্পে টানা তিন মাস আবেদনের সুযোগ থাকছে। ইতিমধ্যেই বহু আবেদনকারী তাঁদের প্রাপ্য টাকা পেয়ে গেলেও, অনেকেই এখনো ১৫০০ বা ৩000 টাকার সুবিধা পাননি। ফলে, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ দেখা যাচ্ছে।
অনলাইনে ও অফলাইনে আবেদনের ধুম, বাড়ছে প্রতারণার ঝুঁকি
প্রথমে শুধুমাত্র অফলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া শুরু হলেও, বর্তমানে অনলাইনের মাধ্যমেও ফর্ম পূরণ করা যাচ্ছে। আবেদনকারীদের সুবিধার জন্য ১২ পাতার একটি দীর্ঘ ফর্ম দেওয়া হয়েছে, যা পূরণের জন্য পর্যাপ্ত সময় মিলছে। তবে অনলাইন ব্যবস্থার সুবিধা নেওয়ার পাশাপাশি উপভোক্তাদের জন্য তৈরি হয়েছে এক বড় বিপদ। অন্নপূর্ণা যোজনার নাম করে ইন্টারনেটে একাধিক ভুয়ো ওয়েবসাইট সক্রিয় হয়ে উঠেছে, যেখানে তথ্য দিলে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টসহ ব্যক্তিগত গোপনীয়তা ফাঁসের মারাত্মক ঝুঁকি রয়েছে।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই প্রকল্পের একমাত্র আসল সরকারি পোর্টাল হলো https://socialregistry.wb.gov.in/। আবেদনকারীদের এই নির্দিষ্ট পোর্টালে গিয়ে মোবাইল নম্বরের সাহায্যে নাম রেজিস্টার করতে হবে। এরপর সরকারি পোর্টাল থেকে ১২ পাতার ফর্ম ডাউনলোড করে, তা সঠিকভাবে পূরণ ও স্ক্যান করে প্রয়োজনীয় নথিসহ পুনরায় সেখানেই আপলোড করতে হবে। অন্যদিকে, https://socialsecuritywb.com/-এর মতো থার্ড পার্টি বা বেসরকারি পোর্টালে তথ্য না দেওয়ার জন্য কড়া সতর্কতা জারি করা হয়েছে।
সহায়তায় শুরু হচ্ছে জনকল্যাণ শিবির
ভুয়ো ওয়েবসাইটের বিভ্রান্তি দূর করতে এবং যোগ্য উপভোক্তাদের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে রাজ্যজুড়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দুয়ারে সরকারের আদলে ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত সমগ্র রাজ্যে ‘জনকল্যাণ শিবির’ আয়োজন করা হচ্ছে। এই শিবিরগুলির মাধ্যমে অন্নপূর্ণা যোজনার পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত এবং পিএম-কিষানের মতো রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পগুলির ফর্ম পূরণে যোগ্য উপভোক্তাদের সরাসরি সাহায্য করা হবে। যাঁরা এখনো অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে পারেননি, তাঁরা এই তিন দিনের জনকল্যাণ শিবিরে গিয়ে সরাসরি ও নিরাপদভাবে আবেদন সম্পন্ন করতে পারবেন।