২০২৬ বিশ্বকাপে এলিয়েন হানা! তুলে নিয়ে যাবে নেইমারদের

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতেই মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের এক অদ্ভুত কাণ্ড নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এবার নাকি খোদ ফুটবল বিশ্বকাপেই হানা দিতে চলেছে ভিনগ্রহের বাসিন্দারা বা এলিয়েনরা! আর তারা এসে মাঠ থেকে নেইমারদের মতো তারকা ফুটবলার ও দর্শকসহ ৭০০ মানুষকে আস্ত অপহরণ করে নিয়ে যাবে!
এমনই এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন ব্রাজিলীয় জ্যোতিষী ভো বাহিয়ানা।
তার দাবি অনুযায়ী, আগামী ২৪ বা ২৬ জুনের মধ্যে ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ চলাকালীন মায়ামির স্টেডিয়ামে এই মহাজাগতিক কাণ্ড ঘটতে চলেছে। ফুটবলারদের পাশাপাশি গ্যালারিতে থাকা দর্শকদেরও টার্গেট করবে এলিয়েনরা।
এই অদ্ভুত দাবি প্রকাশ্যে আসতেই ২০২৪ সালের আমেরিকার বিখ্যাত ‘মায়ামি মল এলিয়েন’ গুজবের স্মৃতি নতুন করে উসকে উঠেছে। নেটিজেনদের একাংশ এই ভবিষ্যদ্বাণীকে স্রেফ হাসির খোরাক ও পাগলামি বলে উড়িয়ে দিয়েছেন। তবে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝে এমন অদ্ভুত ও রোমাঞ্চকর দাবি নিয়ে সমাজমাধ্যমে কৌতূহল এবং মিমের বন্যা বয়ে যাচ্ছে।