হিমশিম খাচ্ছে পরিপাকতন্ত্র, চড়া গরমে দুপুরের পাতে মাংস ডেকে আনছে মারাত্মক বিপদ

হিমশিম খাচ্ছে পরিপাকতন্ত্র, চড়া গরমে দুপুরের পাতে মাংস ডেকে আনছে মারাত্মক বিপদ

গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন সুস্থ থাকতে চিকিৎসকরা সাধারণত হালকা ও সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দেন। তবে ভোজনরসিকদের তালিকায় ঋতুভেদে খাবারের মেনু খুব একটা বদলায় না। গরম কিংবা বর্ষা—পাতজুড়ে মাংস না থাকলে অনেকেরই খাওয়া যেন আসাম্পূর্ণ থেকে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই তীব্র গরমে বিশেষ করে ভরদুপুরে চিকেন বা মাটন খাওয়ার অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে।

অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি ও ডিহাইড্রেশনের আশঙ্কা

চিকিৎসা বিজ্ঞানীদের মতে, উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন চিকেন বা মাটন গ্রহণ করলে শরীরে ‘থার্মোজেনেসিস’ প্রক্রিয়া ত্বরান্বিত হয়। কার্বোহাইড্রেট বা ফ্যাটের তুলনায় প্রোটিন ভাঙতে শরীরের অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, যার ফলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা হঠাৎ করেই বেশ বেড়ে যায়। দুপুরের চরম আবহাওয়ার মধ্যে এমন ভারী খাবার খেলে অতিরিক্ত ঘাম হওয়া, বুক ধড়ফড় করা এবং হাঁসফাঁস ভাবের মতো শারীরিক অস্বস্তি দেখা দেয়।

একই সাথে মাংস হজম করার জন্য শরীরের প্রচুর পরিমাণে জলের প্রয়োজন পড়ে। বিপাকীয় হার বৃদ্ধি ও অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়ার কারণে ঘামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায়। এই অবস্থায় পর্যাপ্ত জল পান না করলে ডিহাইড্রেশন বা জলশূন্যতা দেখা দিতে পারে, যা থেকে মাথা ঘোরা, চরম ক্লান্তি ও ইউরিন ইনফেকশনের মতো জটিলতা তৈরি হওয়া অস্বাভাবিক নয়।

হজমের গোলমাল ও পেটের সমস্যা

গরমের দুপুরে মানুষের মেটাবলিজম বা বিপাকীয় হার এমনিতেই বেশ ধীর ও দুর্বল থাকে। মাটনের মতো ‘রেড মিট’-এ স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকায় তা হজম হতে দীর্ঘ সময় নেয়। এই কাঠফাটা রোদে দুপুরের মেনুতে এমন গুরুপাক খাবার রাখলে পেট ফেঁপে যাওয়া, তীব্র অ্যাসিডিটি, বদহজম এবং পেট ভার হয়ে থাকার মতো অস্বস্তিকর সমস্যা অবধারিতভাবে দেখা দেয়।

সুরক্ষায় পুষ্টিবিদদের পরামর্শ

পুষ্টিবিদদের মতে, এই গরমে শরীর সুস্থ রাখতে দুপুরের মেনু থেকে মাটনের মতো ভারী ‘রেড মিট’ সম্পূর্ণ বাদ দেওয়াই শ্রেয়। মাংসপ্রেমীরা দুপুরের পরিবর্তে রাতের খাবারে মাংস রাখতে পারেন, তবে তা অবশ্যই ঘুমাতে যাওয়ার অন্তত ২-৩ ঘণ্টা আগে সম্পন্ন করতে হবে। এছাড়া গরমে মাংস রান্নার ক্ষেত্রে অতিরিক্ত তেল ও কড়া মশলার ব্যবহার বর্জন করা উচিত। দুপুরে যদি মাংস খেতেই হয়, তবে খুব সামান্য মশলায় তৈরি হালকা গ্রিলড চিকেন বা ক্লিয়ার চিকেন স্যুপ বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *