প্রধানমন্ত্রী মোদীর রাজকীয় সফর ও কড়া নিরাপত্তা বলয়ে কেমন থাকবে কলকাতার ট্র্যাফিক ব্যবস্থা!

দু’দিনের সফরে পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিকেলে তাঁর কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর রবিবার সকালে রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দেশের প্রধানমন্ত্রীর এই ভিভিআইপি সফর এবং আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে তিলোত্তমা জুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। তৈরি করা হয়েছে বিশেষ ট্র্যাফিক রুট।
প্রধানমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরের কারণে কলকাতার যানচলাচলে বড়সড় রদবদল আনা হয়েছে। মূলত শনিবার বিকেল থেকে রবিবার দুপুর পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ বা আংশিক নিয়ন্ত্রিত থাকবে। ফলে সাপ্তাহিক ছুটির দিনে শহরের সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
যেসব রাস্তা বন্ধ ও নিয়ন্ত্রিত থাকবে
কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, শনিবার বিকেল ৫টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট এবং এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে শুরু করে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা উভয় দিকেই সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এই নির্দিষ্ট সময়ে ওই পথগুলোতে কোনও ধরনের সাধারণ যানবাহন চলাচল করতে পারবে না।
এছাড়া শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১০টা এবং পুনরায় শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকায় সব ধরনের মালবাহী গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরি পরিষেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন— এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, শাকসবজি, ফল, মাছ, দুধ এবং ওষুধবাহী গাড়িগুলোকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। অন্যান্য ভারী ও মালবাহী যানবাহনকে ১১ ফারলং গেট, কেপি রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি এবং আর আর অ্যাভিনিউ হয়ে লোকভবনের দক্ষিণ গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
নিরাপত্তার প্রভাব ও পুলিশের প্রস্তুতি
প্রধানমন্ত্রীর আগমন ও যোগ দিবসের মতো মেগা ইভেন্টকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্যই এই নিশ্ছিদ্র নিরাপত্তা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ভিভিআইপি এলাকাগুলোতে সাধারণ পার্কিংয়ের ওপরেও কড়া বিধিনিষেধ আরোপ করেছে লালবাজার।
কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর এবং আন্তর্জাতিক যোগ দিবসের রাষ্ট্রীয় কর্মসূচি যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়, তার জন্যই এই বিশেষ ট্র্যাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্র্যাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভিআইপি কনভয়ের গতিবিধি মসৃণ করতে প্রয়োজনে সাধারণ যানবাহনের ক্ষেত্রেও তাৎক্ষণিক অতিরিক্ত বিধিনিষেধ বা রুট পরিবর্তন করা হতে পারে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।