নিট পাহারায় এবার বায়ুসেনা! প্রশ্নফাঁস রুখতে ‘জিরো টলারেন্স’ বার্তা সুকান্তর

বীরভূম: দেশজুড়ে প্রশ্নফাঁস বিতর্কের মাঝেই কড়া নিরাপত্তার মোড়কে রবিবার ফের শুরু হলো নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার বেনজির পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এই আবহেই শান্তিনিকেতনে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, প্রশ্নফাঁসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে সরকার।

কী বললেন সুকান্ত মজুমদার? আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত। তিনি বলেন, “তদন্তের ভার ইতিমধ্যেই সিবিআইয়ের (CBI) হাতে তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এমন জালিয়াতির ঘটনা না ঘটে, তার জন্য সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।”

অন্যদিকে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে লাগাতার সরব হয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। প্রধানমন্ত্রীর কাছে ইস্তফার দাবি জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। বিরোধীদের এই দাবি প্রসঙ্গে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি তীব্র কটাক্ষের সুরে বলেন, “কোথায় ককরোচ? আমি তো দেখতে পাচ্ছি না!”

নিট পরীক্ষায় এবার বেনজির নিরাপত্তা ও নতুন নিয়ম: প্রশ্নফাঁস বিতর্ক চিরতরে মুছতে এবারের পরীক্ষায় একগুচ্ছ বড়সড় বদল এনেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)—

  • কপ্টারে প্রশ্নপত্র: দেশের প্রতিটি প্রান্তে সম্পূর্ণ নিরাপদে ও নির্দিষ্ট সময়ে প্রশ্নপত্র পৌঁছে দিতে বায়ুসেনার এমআই-১৭ (MI-17) হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।
  • টেলিগ্রাম নিষিদ্ধ: জালিয়াতি ও প্রশ্নফাঁস রুখতে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্যবহারের ওপর কড়া নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।
  • সময়ের পরিবর্তন: পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বাড়ানো হয়েছে। দুপুর ২টোয় শুরু হওয়া এই পরীক্ষা চলবে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত (মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট)।

এদিন বিশ্বভারতীর গৌরপ্রাঙ্গণে যোগ দিবসের অনুষ্ঠানে পড়ুয়া ও অধ্যাপক মিলিয়ে প্রায় ১,৫০০ জন অংশ নেন। সুকান্ত মজুমদার ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, জেলাশাসক ধবল জৈন, পুলিশ সুপার-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্য ও প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি সফল হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *