‘যাঁকে ভোট দিয়েছেন, তাঁর কাছে যান!’ জব কার্ড বিতর্কে নন্দীগ্রামে নেত্রীর বাড়ি ঘেরাও

নন্দীগ্রাম: রাজ্যে ১০০ দিনের কাজ নতুন করে শুরু হতেই ফের মাথাচাড়া দিয়ে উঠল জব কার্ড (Job Card) বিতর্ক। পুরোনো জব কার্ড আটকে রাখার অভিযোগে এবার খাস নন্দীগ্রামে এক তৃণমূল নেত্রী তথা সুপারভাইজারের বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের খোদামবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের আমড়াতলা ১০০ নম্বর বুথ এলাকায়। রবিবার সকালে স্থানীয় সুপারভাইজার মঞ্জুরি গিরির বাড়ি ঘেরাও করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।
ঠিক কী অভিযোগ গ্রামবাসীদের?
স্থানীয়দের দাবি, কাজের নাম করে দীর্ঘদিন ধরেই উপভোক্তাদের জব কার্ড নিজের কাছে আটকে রেখেছেন সুপারভাইজার মঞ্জুরি। এখন এলাকায় ফের কাজ শুরু হলেও পুরোনো কার্ড না থাকায় চরম সমস্যায় পড়েছেন তাঁরা।
এদিন সকালে জব কার্ড চাইতে গেলে শুরু হয় তুমুল বচসা। গ্রামবাসীদের অভিযোগ, কার্ড ফেরত দেওয়ার বদলে মঞ্জুরি তাঁদের উদ্দেশে কটাক্ষ করে বলেন, “যাঁদের ভোট দিয়েছেন, তাঁদের কাছে যান। তাঁরাই জব কার্ড দেবেন!”
স্থানীয় বাসিন্দা লীলাবতী সিং ক্ষোভ উগরে দিয়ে বলেন, “কাজের কথা বলে আমাদের কার্ড নিয়েছিল মঞ্জুরি। এখন চাইতে গেলে উলটে আমাদের ওপরই চড়াও হচ্ছে। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, যাতে দ্রুত আমাদের জব কার্ডগুলো ফেরত দেওয়া হয়।”
অভিযুক্তের সাফাই:
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মঞ্জুরি গিরি। তাঁর পালটা দাবি, “আমি কারও জব কার্ড আটকে রাখিনি বা কারও কোনও টাকা আত্মসাৎ করিনি। গ্রামবাসীরা আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন।”
এদিন সুপারভাইজারের বাড়ির সামনে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন।