‘দেশ ডোবাচ্ছেন মোদী, আর গোটা বিশ্ব ট্রাম্প!’ নমো-ট্রাম্প ‘দোস্তি’কে তীব্র তোপ খাড়গের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল চর্চিত ‘বন্ধুত্ব’ নিয়ে এবার চরম আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার এক জনসভায় তিনি বিস্ফোরক দাবি করে বলেন, এই দুই নেতার অতি-ঘনিষ্ঠতার চরম খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
খাড়গে কড়া ভাষায় বলেন, “মোদীজি ধ্বংস করছেন এই দেশটাকে, আর ট্রাম্প ধ্বংস করছেন গোটা দুনিয়াকে। অথচ একে অপরকে দেখলেই তাঁরা বলেন, ‘মাই গুড ফ্রেন্ড’!”
জ্বালানির দাম বৃদ্ধিতে কাঠগড়ায় ট্রাম্প-মোদী রসায়ন
কংগ্রেস সভাপতির অভিযোগ, মোদী-ট্রাম্পের এই বন্ধুত্বের জেরেই ভারতে পেট্রোল-ডিজেলের দাম আজ আকাশছোঁয়া। জনসভায় দাঁড়িয়ে তিনি প্রশ্ন তোলেন, “আপনারা দু’জনে যদি এতই ভালো বন্ধু হন, তবে দেশের মানুষ কেন ভুগবে? ট্রাম্পের ভুল নীতির কারণেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যার সরাসরি কোপ পড়ছে ভারতীয় আমজনতার পকেটে।” তাঁর মতে, এই ‘দোস্তি’ দেশের কোনো উপকারে তো আসেইনি, উল্টে ভারতের সম্মানহানি করছে।
নেহরুর ‘নিরপেক্ষ নীতি’ বিসর্জনের অভিযোগ
নরেন্দ্র মোদীর বিদেশনীতির তীব্র সমালোচনা করে খাড়গে দাবি করেন, আমেরিকার সঙ্গে অন্ধ বন্ধুত্বের জেরে ভারতের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী জোট-নিরপেক্ষ (Non-alignment) নীতি আজ জলাঞ্জলি দেওয়া হয়েছে। তিনি মনে করিয়ে দেন, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে এই নিরপেক্ষ অবস্থানের কারণেই আন্তর্জাতিক মঞ্চে গোটা বিশ্ব সবসময় ভারতের পাশে এসে দাঁড়িয়েছে।
‘সবার মন জোগাতে গিয়ে নিজেদের গলায় ফাঁস’
বর্তমান সরকারের বিদেশনীতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে খাড়গে বলেন, এখন প্রধানমন্ত্রী প্রতিটি দেশে গিয়ে শুধু ‘আমার বন্ধু, ও আমার বন্ধু’ বলে প্রচার চালাতেই ব্যস্ত। সবাইকে খুশি করার এই মরিয়া চেষ্টা ভারতকে বড় বিপদে ফেলে দিয়েছে বলে দাবি করেন তিনি। খাড়গের সাফ কথা, “সবার মন জোগাতে গিয়ে মোদীজি আসলে আমাদের নিজেদের গলায় ফাঁস পরিয়ে দিয়েছেন।”