লক্ষ্মীর বদলে ‘অন্নপূর্ণা’, নজরে শিল্প ও ডিএ! আজ বঙ্গে বিজেপির প্রথম পূর্ণাঙ্গ বাজেট

কলকাতা: ১৫ বছরের তৃণমূল শাসনের অবসানের পর আজ, সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একদিকে রাজ্যের বিপুল ঋণের বোঝা সামলানো, অন্যদিকে কর্মসংস্থান ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতি পূরণের জোড়া চ্যালেঞ্জ নিয়ে আজ বিধানসভায় পেশ হতে চলেছে এই মেগা বাজেট।

বাজেটের সম্ভাব্য বড় চমক ও গুরুত্বপূর্ণ দিকগুলি:

  • লক্ষ্মীর ভাণ্ডারের বদলে ‘অন্নপূর্ণা যোজনা’: তৃণমূল আমলের জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের বদলে নতুন সরকার আনছে ‘অন্নপূর্ণা যোজনা’। এতে যোগ্য মহিলারা আগের চেয়ে বেশি আর্থিক সহায়তা পাবেন। তবে দুর্নীতি রুখতে ইতিমধ্যেই কড়া স্ক্রুটিনি করে প্রায় ৩০ লক্ষ ভুয়ো গ্রাহকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
  • কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি: বর্তমানে রাজ্যের ঘাড়ে প্রায় ৭.৫ লক্ষ কোটি টাকার বিশাল ঋণের বোঝা। এর জন্য প্রতি বছর প্রায় ৪৯ হাজার কোটি টাকা শুধু সুদ গুনতেই চলে যায়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপর করের বোঝা না চাপিয়ে বালি ও খনিজ সম্পদের ই-নিলাম, সরকারি জমির দীর্ঘমেয়াদি লিজ এবং জিএসটি ফাঁকি রুখে আয় বাড়ানোর কৌশল নিতে পারে সরকার।
  • শিল্প ও কর্মসংস্থান: রাজ্যে বিনিয়োগ ফেরাতে কলকাতা, দুর্গাপুর-আসানসোল, হলদিয়া ও শিলিগুড়িকে কেন্দ্র করে আঞ্চলিক শিল্প হাব গড়ার বড় ঘোষণা হতে পারে। পাশাপাশি যুবসমাজের কর্মসংস্থানের জন্য পিপিপি (PPP) মডেলে আইটিআই (ITI) কলেজগুলির আধুনিকীকরণে জোর দেওয়া হবে।
  • উত্তরবঙ্গ প্যাকেজ: উত্তরবঙ্গের জন্য পানীয় জল ও পর্যটন শিল্পের উন্নয়নে বিশেষ আর্থিক প্যাকেজের সম্ভাবনা রয়েছে।
  • ডিএ এবং সপ্তম পে-কমিশন: দীর্ঘদিন ধরে বকেয়া থাকা ডিএ (DA) মেটানো এবং রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা নিয়ে বাজেটে বড়সড় সুখবর মিলতে পারে।

নগদ অর্থ বিলির পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন ও রাজ্যের হৃত শিল্পগৌরব ফেরানোই এখন শুভেন্দু সরকারের মূল লক্ষ্য। এখন দেখার, অর্থমন্ত্রীর ব্রিফকেস থেকে বঙ্গবাসীর জন্য আর কী কী চমক বেরিয়ে আসে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *