রাজীব সিনহার উত্তরসূরি কৃষ্ণ গুপ্তা, ডিসেম্বরেই কি বকেয়া পুরভোট?

রাজীব সিনহার উত্তরসূরি কৃষ্ণ গুপ্তা, ডিসেম্বরেই কি বকেয়া পুরভোট?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন প্রবীণ আইএএস অফিসার ড. কৃষ্ণ গুপ্তা। বর্তমানে তিনি রাজ্য সরকারের সমবায় বিভাগের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্বে রয়েছেন। চলতি মাসের ৩০ তারিখ আইএএস পদ থেকে অবসর নেওয়ার পরই তিনি রাজ্যের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। নবান্নের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করা হয়েছে। প্রাক্তন নির্বাচন কমিশনার রাজীব সিনহার অবসরের পর থেকে এই গুরুত্বপূর্ণ পদটি দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল।

পুরভোটের প্রস্তুতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের কলকাতা পুরসভাহ একাধিক পুরনিগম ও পুরসভায় বর্তমানে প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন যে, আগামী ডিসেম্বরের মধ্যেই এই বকেয়া নির্বাচনগুলি সম্পন্ন করা হবে। স্থানীয় যেকোনো নির্বাচন, বিশেষত পুরসভা, পুরনিগম এবং পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ ভোট পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশনের কাঁধেই। কমিশনার ছাড়া এই নির্বাচন প্রক্রিয়া শুরু করা আসাম্ভব। তাই ভোটের আগে দ্রুত এই শূন্যপদ পূরণ করে রাজ্য সরকার নির্বাচন প্রক্রিয়ার দিকেই একধাপ এগিয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সাংবিধানিক নিয়মে নিয়োগ

নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের সংবিধানের ২৪৩(কে) অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতার প্রয়োগ এবং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন, ১৯৯৪-এর ৩ ধারার উপ-ধারা (১) ও ৩এ ধারার উপধারা (১) অনুযায়ী এই নিয়োগ সম্পন্ন করেছে রাজ্য সরকার। নতুন কমিশনার দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম এবং প্রধান লক্ষ্য হবে ডিসেম্বরের মধ্যে রাজ্যের বকেয়া পুরভোটগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *