কলকাতা থেকে অস্ত্রসমেত ধৃত ক্যানিংয়ের তৃণমূল উপপ্রধান, আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের সামনেই ডিম-বর্ষণ

ক্যানিং: ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হওয়ার পর শুক্রবার ক্যানিং থানার সামনেই প্রবল জনরোষের মুখে পড়লেন ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দার। ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ ও বিজেপি কর্মীরা।
কী অভিযোগ?
দীর্ঘদিন ধরেই ইন্দ্রজিৎ সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব এলাকাবাসী। তাঁদের দাবি, তৃণমূলের আমলে এলাকায় ‘দাদাগিরি’ চালানো, তোলাবাজি, কাটমানি আদায়, সাধারণ মানুষকে মারধর এবং বেআইনি অস্ত্র মজুত করার মতো একাধিক কুকর্মে লিপ্ত ছিলেন এই নেতা। এমনকি ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসাতেও তাঁর নাম জড়িয়েছিল বলে অভিযোগ। কিন্তু এতদিন পুলিশের নিষ্ক্রিয়তার কারণে তিনি পার পেয়ে যাচ্ছিলেন বলে ক্ষোভ বিক্ষোভকারীদের। ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছিলেন।
অস্ত্র উদ্ধার ও গ্রেফতার:
বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে তাঁকে অস্ত্র-সহ গ্রেফতার করে পুলিশ। ইন্দ্রজিতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
থানার সামনে ধুন্ধুমার:
শুক্রবার তাঁকে থানা থেকে বের করে যখন পুলিশের জিপে তোলা হয়, তখনই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। উপস্থিত জনতা তাঁকে দেখেই ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভকারীরা পুলিশের গাড়ির দিকে কাঁচা ডিম ছুড়তে থাকেন। পুলিশের গাড়ি দ্রুত এলাকা ছাড়লেও পিছন থেকে লক্ষ্যভেদী ডিমের আঘাতে নাজেহাল হন ধৃত উপপ্রধান। পরিস্থিতি সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।
বর্তমানে অস্ত্র আইনে মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা পুরোনো অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।