‘ল্যান্ড জিহাদ-লভ জিহাদ বরদাস্ত নয়’, বাংলায় কঠোর আইনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: ‘ল্যান্ড জিহাদ’, ‘লভ জিহাদ’ কিংবা যে কোনো রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করল রাজ্য সরকার। শুক্রবার রবীন্দ্রসদনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী ও ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর উল্লেখযোগ্য ঘোষণা ও বার্তা:

  • কঠোর আইন: রাজ্যে শীঘ্রই ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালু করা হবে। পাশাপাশি, ধর্মান্তর বিরোধী কড়া আইন আনারও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • অনুপ্রবেশ রুখতে ‘হোল্ডিং স্টেশন’: সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ ‘হোল্ডিং স্টেশন’ তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, জাতীয়তাবাদের বিরুদ্ধাচরণ করে ধৃতদের সেখানে রেখে নিয়ম মেনে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। বিএসএফকে সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় জমিও দেওয়া হয়েছে।
  • CAA-এর অবস্থান: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) প্রসঙ্গে শুভেন্দু স্পষ্ট বলেন, “যাঁরা হিন্দু হয়ে এ দেশে এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন, তাঁরা উদ্বাস্তু। তাঁদের নিরাপদ আশ্রয় দেওয়া হবে।”
  • শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়ম: স্কুল, কলেজ ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনা চলাকালীন ‘সঞ্জীবনী’ গাওয়া বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
  • রাষ্ট্রবিরোধী কার্যকলাপ: নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ঋষি অরবিন্দের বাংলায় সেনাবাহিনী বা দেশের বিরুদ্ধে কোনো অবস্থান মেনে নেওয়া হবে না বলে সতর্কবার্তা দেন তিনি।

অন্যান্য সিদ্ধান্ত:

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, জরুরি অবস্থার সময় যাঁরা নির্যাতিত ও কারাবন্দি হয়েছিলেন, তাঁদের আগামী ৯ আগস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হবে। এছাড়াও ‘লোকতন্ত্র সেনানি সমন্বয়’ কমিটি গঠন এবং বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেও তিনি সম্মতি প্রদান করেছেন।

মুখ্যমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গকে জাতীয়তাবাদী আদর্শে আরও শক্তিশালী করে তোলাই তাঁর সরকারের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *