২১ জুলাইয়ের মুখে ধর্মতলায় ১৬৩ ধারা! বড় বিপাকে তৃণমূল, অনিশ্চিত শহিদ সমাবেশ

২১ জুলাইয়ের মুখে ধর্মতলায় ১৬৩ ধারা! বড় বিপাকে তৃণমূল, অনিশ্চিত শহিদ সমাবেশ

কলকাতা: তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট ‘শহিদ দিবস’-এর ঠিক আগেই বড়সড় আইনি ও রাজনৈতিক বিড়ম্বনায় রাজ্যের শাসক দল। আগামী ২ জুলাই থেকে ৩০ আগস্ট— টানা ৬০ দিনের জন্য ধর্মতলার ভিক্টোরিয়া হাউস ও তার আশেপাশের এলাকায় সমস্ত ধরনের সভা, সমাবেশ ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ।

কী জানাচ্ছে লালবাজার?

কলকাতা পুলিশের নগরপাল (CP) অজয় নন্দ জারি করা বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১৬৩ নম্বর ধারা (পূর্বতন ১৪৪ ধারা) কার্যকর করার নির্দেশ দিয়েছেন। আগামী ২ জুলাই থেকে এই নির্দেশিকা বলবৎ হচ্ছে।

নিষেধাজ্ঞার আওতায় কোন কোন এলাকা?

বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ডের আওতাধীন সিআর অ্যাভিনিউয়ের কেসি দাস ক্রসিং থেকে ওয়াই চ্যানেল, ভিক্টোরিয়া হাউস এবং পার্শ্ববর্তী সমস্ত রাস্তায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। একমাত্র বেন্টিঙ্ক স্ট্রিটকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। এই এলাকায় ৫ বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল বা লাঠি-অস্ত্র নিয়ে চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কেন এই কড়া পদক্ষেপ?

প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে পাওয়া রিপোর্টের ভিত্তিতে শহরের আইন-শৃঙ্খলার অবনতি ও যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে এই ‘আপদকালীন’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম না থাকলেও, এই এলাকায় তৃণমূল প্রতি বছর ২১ জুলাইয়ের মূল মঞ্চ তৈরি করে। ৬০ দিনের নিষেধাজ্ঞার সময়সীমার মধ্যেই ২১ জুলাই পড়ায়, পুলিশের এই নির্দেশ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

অনিশ্চয়তায় ২১ জুলাই?

বিশ্লেষকদের মতে, পুলিশের এই সিদ্ধান্তের ফলে তৃণমূলকে কি এবার শহিদ দিবসের মঞ্চ বা স্থান পরিবর্তন করতে হবে? নাকি প্রশাসন এই নিষেধাজ্ঞার মাঝেও কোনো বিশেষ ছাড় দেবে— তা নিয়ে এখন চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে লালবাজার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *