৩২ লক্ষ টাকায় শুধু সংস্কার, নেই ডাক্তার! পান্ডুয়ার দাতব্য চিকিৎসালয় ঘিরে পোস্টার-বিক্ষোভ

৩২ লক্ষ টাকায় শুধু সংস্কার, নেই ডাক্তার! পান্ডুয়ার দাতব্য চিকিৎসালয় ঘিরে পোস্টার-বিক্ষোভ

পান্ডুয়া, হুগলি: সরকারি অর্থে ৩২ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয়ে সংস্কার হওয়ার পরেও তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে পান্ডুয়ার মণ্ডলাই গ্রামের দাতব্য চিকিৎসালয়টি। এলাকায় ডাক্তার বা কোনও চিকিৎসা পরিষেবা না মেলায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় তৃণমূল নেতা শুভঙ্কর নন্দী ও তাঁর স্ত্রী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শিল্পা নন্দীর নাম উল্লেখ করে এলাকায় পোস্টার দিলেন গ্রামবাসী।

স্থানীয়দের ক্ষোভ: ২০২২ সালে শিল্পা নন্দীর প্রচেষ্টায় এই চিকিৎসালয়টির সংস্কারের অনুমোদন মেলে। স্থানীয়দের অভিযোগ, বিপুল অর্থ খরচ করে ভবনটির সংস্কার হলেও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে চিকিৎসালয় চত্বর আগাছা ও জঙ্গলে ঢেকে গিয়েছে। গ্রামবাসী মৌসুমি মালিক জানান, এখানে পরিষেবা চালু না হওয়ায় ১০-১২টি গ্রামের প্রান্তিক মানুষকে বাধ্য হয়ে পান্ডুয়া, চুঁচুড়া বা কালনা হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হয়, যা গরিব মানুষের জন্য বাড়তি আর্থিক বোঝা।

তৃণমূল নেতার সাফাই: অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেতা শুভঙ্কর নন্দী জানান, জেলা পরিষদ টেন্ডারের মাধ্যমে সংস্কারের কাজটি সম্পন্ন করেছে। দরজা-জানলা, মেঝে ও সীমানা প্রাচীর তৈরি হলেও স্বাস্থ্য দফতরের কাছে বারবার আবেদন জানিয়েও ডাক্তার নিয়োগ করা সম্ভব হয়নি। তিনি বর্তমান সরকারের কাছে আবেদন জানান, দ্রুত এই কেন্দ্রে পরিষেবা চালুর ব্যবস্থা করা হোক।

বিরোধীদের কটাক্ষ: এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র আক্রমণ করেছেন পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার। তাঁর কথায়, “সরকারি টাকা নয়ছয় করে শুধু খাঁচা তৈরি করা হয়েছে। তৃণমূল সরকার চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা কারও প্রস্তাবের অপেক্ষা করব না, দ্রুত এই স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার আনার ব্যবস্থা করব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *